আইনশৃঙ্খলা পরিস্থিতি জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নত করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই বলবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে-স্কেল নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কিনা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করার জন্য আরও সময় লাগবে।’
তিনি বলেন, ‘আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগও প্রশংসনীয় হয়েছে। আমরা আশা করি, ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং শুরু করা অনেক কর্মসূচি প্রশংসিত হয়েছে।’
সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কয়েকটি সংকটময় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলসহ বিশ্বজুড়ে সংকট তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু আমরা দীর্ঘ এক মাস পর্যন্ত কোনও জ্বালানি তেল বা গ্যাসের মূল্য বৃদ্ধি করিনি। মাঝেমধ্যে বিভিন্নভাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বা বিভিন্ন রকম স্বাভাবিক সমস্যা হয়।’
গ্যাসের আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গ্যাসের যে আমদানি নির্ভরতা বিগত ‘‘ফ্যাসিবাদী’’ সরকারের সময় সৃষ্টি হয়ে গেছে, এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দেশের অভ্যন্তরে এবং অফশোর-অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম শুরু করেছি। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায়, আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারবো।’
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফের বিষয়টি প্রথম মন্ত্রিসভা বৈঠকেই অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের অনুদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।’
এছাড়া ক্রীড়াবিদ ও সংস্কৃতিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
খাদ্য নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের পরিকল্পনা প্রায় বাস্তবায়ন করে ফেলেছি। আমি খাদ্য প্রকিউরমেন্ট কমিটির জাতীয় কমিটির সভাপতি হিসেবে সিদ্ধান্তগুলো নিয়েছি এবং আমাদের খাদ্য নিরাপত্তা বিল্ড হয়েছে।’
সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের সার্বিক অগ্রগতি সংকলন করে গণমাধ্যমে প্রকাশ করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়ের যে অগ্রগতি ১৮০ দিনের মধ্যে আমরা করতে পেরেছি, সেগুলো কম্পাইল করে প্রধানমন্ত্রীর প্রেস সেকশন থেকে মিডিয়ার কাছে প্রকাশ করবো, আশা করি।’

পে-স্কেল নিয়ে ‘সুখবর’ দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব







