মব সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধের বিচার করার একচ্ছত্র কর্তৃত্ব রাষ্ট্রের। আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে শাস্তি দেওয়া বা শারীরিকভাবে লাঞ্ছিত করা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
মব সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রতিরোধ এবং আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সহিংসতা বা গণপিটুনির ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। একইসঙ্গে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে—এমন সন্দেহভাজন এলাকায় নিয়মিত তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ছাড়া কোনো ধরনের উগ্রতা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য এলাকার মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে যাতে কেউ মব সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ফেসবুক, টুইটারসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে মব সহিংসতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে শাস্তি দেওয়ার অধিকার কোনও ব্যক্তি বা গোষ্ঠীর নেই।

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত







