যানজট নিরসন ও নৌপথকে জনপ্রিয় করতে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে (রিং ওয়াটার ওয়েজ) পুনরায় ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নতুন ব্যবস্থাপনায় এটি পরিচালিত হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘গত ১০ বছর ধরে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু ছিল। কিন্তু অব্যবস্থাপনার কারণে এই খাতে গত ১০ বছরে ৫৭ কোটি টাকা অর্থাৎ প্রতি বছর প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার মতো লোকসান হয়েছে। বিআইডব্লিউটিএ এসব সমস্যা চিহ্নিত করেছে। দ্রুতই অবাধ যাতায়াতের জন্য ওয়াটার বাস নামানো হবে।’
নদীদূষণ রোধে সরকারের পদক্ষেপ
নৌ-মন্ত্রী বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণের কারণ হিসেবে ৪২৪টি স্পট (কেমিক্যাল, লিকুইড ও সলিড বর্জ্য) চিহ্নিত করা হয়েছে। নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াসা, সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানিসম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। শিল্পবর্জ্য নদীতে পড়া ঠেকাতে পরিবেশ ও শিল্প মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।









