দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৮ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত নির্বাচনি দায়িত্ব পেশাদারত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ড. জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ ইউনিটের এসপি ও তদূর্ধ্ব পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ বিশ্বে রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। এ নির্বাচনি পরিবেশ আপনারাই তৈরি করেছেন। সুষ্ঠু নির্বাচনের যে ধারা দেশে চালু হয়েছে—তা অব্যাহত রাখতে আপনাদের সচেষ্ট থাকতে হবে।’’

তিনি বলেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের যেমন সাংবিধানিক ও আইনি দায়িত্ব, তেমনই কমিশনকে সহায়তা করা পুলিশেরও আইনি দায়িত্ব।’’

তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের ওপর মানুষের যে আস্থা নষ্ট হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা অধিকাংশই তা পুনরুদ্ধার করতে পেরেছি। স্থানীয় সরকার নির্বাচন যাতে একই মাপকাঠিতে সম্পন্ন হয়, পুলিশকে সেই চেষ্টা করতে হবে।’’

পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সময় পুলিশকে কোনও বেআইনি নির্দেশ দেওয়া হবে না।’’

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘‘একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করার নির্বাচন কমিশনের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটমেন্ট আছে। জাতীয় নির্বাচন যেভাবে করেছি, যত সুন্দরভাবে করেছি একইভাবে অন্তত একই মানে স্থানীয় সরকার নির্বাচনও করতে চাই।’’

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, ‘‘নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন অনুযায়ী নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।’’

তিনি বলেন, ‘‘বর্তমান সময়ে নির্বাচন ব্যবস্থাপনায় প্রযুক্তির গুরুত্ব ক্রমেই বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় আমাদের সচেষ্ট থাকতে হবে।’’

পুলিশ প্রধান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘‘নির্বাচন কমিশনের দিকনির্দেশনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং পুলিশের সব পর্যায়ের সদস্যদের পেশাদারত্ব ও নিষ্ঠার সমন্বয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন একটি শান্তিপূর্ণ ও নিরাপদে নিশ্চিত করতে সক্ষম হবো।’’

অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ এবং একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ শুরু হবে। বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে তদূর্ধ্ব পর্যায়ের প্রায় ৩৯ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ প্রদান করা হবে।

/এসএন‌কে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবিতে উত্তাল দিল্লির জামিয়া
এখন পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন পড়েছে ৬৬ লাখ, বাতিল হয়েছে সাড়ে ১৩ লাখ
কক্সবাজারে সেতুর সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: অনুমোদন পেলো ১.৮৯ একর
সর্বশেষ খবর
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা