বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফল চীন সফরের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, মানব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন।
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল, মংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে বিনিময়, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি সহযোগিতা এবং নারীর ক্ষমতায়নসহ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে।
রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রতিমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। প্রতিমন্ত্রী আমন্ত্রণকে উষ্ণ স্বাগত জানান এবং এই উদ্যোগের প্রশংসা করেন।








