অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে সারাদেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়নের জন্য পরিবেশ অধিদফতরকে নির্দেশনা দিয়েছে কমিটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ ও নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ এমপির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সার্বিকভাবে আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের কোনও সিদ্ধান্তে যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।
অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্তও নেয় কমিটি। পাশাপাশি সরকারের নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের সুপারিশ করা হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীন পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিগত ১৬ বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তা জানতে চাওয়া হয়।
বৈঠকে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেট ব্যয়ের পরিকল্পনাও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য, মন্ত্রণালয় ও কমিটি-সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপি, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি, মো. জাহিদুল ইসলাম ধলু এমপি, মো. আব্দুল মান্নান এমপি ও সুলতানা জেসমিন এমপি অংশ নেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, বন ও পরিবেশ অধিদফতর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









