জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০১ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০১

জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশ নিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ভোর সোয়া ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন, এরপর বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ৩৫ জন। নিউ ইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন, জবাবদিহি, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো তুলে ধরবেন।

অংশ নেবেন যেসব কর্মসূচিতে

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। এদিন সকালে তিনি জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য দেওয়া স্বাগত প্রাতরাশে যোগ দেবেন। এরপর তিনি এবারের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে অংশগ্রহণ করবেন।

ওইদিন সন্ধ্যায় তিনি মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।

পরদিন ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মতবিনিময় করবেন। এরপর তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে এবং স্পেন কর্তৃক আয়োজিত বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা বিষয়ক একটি সভায় বক্তব্য রাখবেন।

একই দিন বিকালে তিনি জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’’ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় যোগ দেবেন।

২৪ সেপ্টেম্বর তিনি এবারের অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা-বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মোংলা থেকে পঞ্চগড় পর্যন্ত হবে সড়ক যোগাযোগ ও শিল্পাঞ্চল রুট: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জেফ বেজসের ৫০ মিলিয়ন ডলার পুরস্কার পাওয়া ইভা লঙ্গোরিয়া যা বললেন
জেফ বেজসের ৫০ মিলিয়ন ডলার পুরস্কার পাওয়া ইভা লঙ্গোরিয়া যা বললেন
আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি
আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম