আসন্ন দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটিতে যাচ্ছে দেশ। সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা এই ছুটি পেলেও কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরির সেবা এই ছুটির আওতামুক্ত থাকবে। যার ফলে সেসব প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটি ভোগ করতে পারবেন না।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ‘শারদীয় দুর্গাপূজা-২০২৬’ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার।
প্রজ্ঞাপনে কারা ছুটি পাচ্ছেন না তাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট-সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে।
হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা-বর্হিভূত থাকবে।
জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
বেসরকারি খাতের ছুটির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।