কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?

মহসীন কবির
১৯ নভেম্বর ২০২৬, ২২:০০ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২২:০০

ডিসেম্বর ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মিত্রদের মধ্যে ঐক্য নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের ঐক্যের আহ্বানকে রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ কেউ।

কারণ এই দুই পক্ষই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিপক্ষ শক্তি। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় কার্যক্রম নিষিদ্ধ এ দলটির তৎপরতা ঠেকানোসহ যেকোনও নাশকতা মোকাবিলায় আবারও একসঙ্গে রাজপথে নামতে পারে বিএনপি-জামায়াত। ঐক্যের ডাকের মধ্যেই নৈরাজ্য ঠেকাতে নিজস্ব অবস্থান থেকে সভা-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রশ্ন উঠেছে দুই মেরুর দুই শীর্ষ নেতার আহ্বান কি কথার কথা, নাকি সত্যিই আলোর মুখ দেখবে? আর যদি ঐক্য হয়েই থাকে, তা কোন প্রক্রিয়ায় হবে? এতে কি কোনও শর্ত থাকবে? অতীতের মতো জোটগতভাবে হবে? নাকি আলাদা আলাদাভাবে রাজপথে নামবে দুই দল? আর তা শুরু হবে কবে থেকে।এতে করে সরকার ও বিরোধী দলের রাজনৈতিক অবস্থানই বা কি হবে? সরকার ও বিরোধী দল এক কাতারে নেমে আসলে সংসদীয় রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে না তো? এমন নানান প্রশ্ন সামনে আসছে।

রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে মনে করেন, আসলে বর্তমান সংসদে সরকার ও বিরোধী দল বলতে আলাদা কিছু নেই। প্রায় তিন দশক তো তারা একসঙ্গেই ছিল। দুই পক্ষের রাজনীতিই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিপক্ষে। এখন হয়তো একটি বড় রাজনৈতিক গোষ্ঠীর অনুপস্থিতির কারণে তারা আলাদা প্ল্যাটফর্মে রাজনীতি করছে। তাই এখন যদি তারা একসঙ্গে মাঠে নামেও, সেটি হবে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে।

এ বিষয়ে জানতে চাইলে রাজনীতি বিশ্লেষক ও লেখক আলতাফ পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘শ্রেণিবিভক্ত সমাজে এখানে আসলে জাতীয় ঐক্য নয়, বরং একটি শ্রেণির ঐক্যের বিষয়টি সামনে আসে। কারণ বিএনপি, জামায়াত, এমনকি আওয়ামী লীগও একটি নির্দিষ্ট শ্রেণির প্রতিনিধিত্ব করে। এখন সেই শ্রেণির মধ্যে ক্ষমতা নিয়ে রেষারেষি, দ্বন্দ্ব ও সংঘাত চলছে। কে কাকে ধাক্কা দিয়ে ক্ষমতায় থাকবে, কে নতুন করে ক্ষমতায় প্রবেশ করবে— এগুলো মূলত একই শ্রেণির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। এটাকে শ্রেণির ঐক্য বলা যেতে পারে, কিন্তু জাতীয় ঐক্য বলা যায় না।’’

আলতাফ পারভেজ আরও বলেন, ‘‘বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে যে বিভাজনের কথা বলা হচ্ছে, সেটিও এখানে বিবেচনায় নেওয়া দরকার। আমি বলবো, বাংলাদেশে প্রকৃত অর্থে কোনও বিরোধী দল নেই। কিছুদিন আগে গার্মেন্টস শ্রমিকেরা যখন আন্দোলন করছিলেন, তখন জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে বলেছিল, এই আন্দোলন আরও কঠোরভাবে দমন করা উচিত। তার মানে, সরকার ও বিরোধী দলের মধ্যে অনেক বিষয়ে দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। বিএনপি ও জামায়াত অনেক ক্ষেত্রেই কাছাকাছি অবস্থানে ছিল। নির্বাচনের আগেও তারা একসঙ্গে ছিল। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে মিল রয়েছে।’’

তিনি বলেন,‘‘বিএনপি সরকার গঠন করেছে, জামায়াত সরকারে নেই। কিন্তু বিরোধী দল বলতে সাধারণত বোঝায়, যাদের রাজনৈতিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি সরকারি দলের চেয়ে আলাদা এবং যারা সরকারি দলকে সরিয়ে ক্ষমতায় যেতে চায়। জামায়াত ও এনসিপির নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের রাজনীতিকে সেই অর্থে দেখার সুযোগ নেই। আমার কাছে প্রধানমন্ত্রী যে জাতীয় ঐক্যের কথা বলেছেন, তার মূল স্পিরিট বা উদ্দেশ্য হচ্ছে— আওয়ামী লীগকে ঠেকানো কিংবা দলটির নিষিদ্ধ অবস্থান বজায় রাখার প্রশ্নে দলগুলোর নিজেদের মধ্যে একটি সমঝোতা তৈরি করা। আমি বিষয়টি এভাবেই বুঝেছি।’’

দুই শীর্ষ নেতা কাছাকাছি,সামনে কী হবে?

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ নিয়ে গত কয়েকদিন দল দুইটির পক্ষ থেকে আলাদাভাবে সভা-সমাবেশ করা হচ্ছে। বিশেষ করে দুর্বৃত্তদের হামলায়   নড়াইল, শরীয়তপুর ও পিরোজপুরে ৪ জনের মৃত্যু এবং গোপালগঞ্জে বিএনপির দুই এমপির বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে এক ধরনের নমনীয় সুর দেখা যাচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সরকারপ্রধান ও বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে ঐক্যের ডাক দেওয়া হলে— দুই পক্ষের এমপিরাই টেবিল চাপরিয়ে সমর্থন জানান। রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, প্রাথমিকভাবে এটি ইতিবাচক। সামনে হয়তো তাদের দূরত্ব আরও কমাতে পারে। তবে কারও কারও মতে, এর মধ্যেও দেনা-পাওনার হিসাবও থাকতে পারে। 

সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘‘নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে।’’ তখন তার এ বক্তব্যকে টেবিল চাপড়িয়ে সমর্থন জানান সংসদ নেতা ও প্রধান তারেক রহমানসহ ট্রেজারি বেঞ্চের সদস্যরা।

অপরদিকে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসতে হবে।’’ তিনি বলেন, ‘‘গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।’’

এ সময় ক্ষমতাসীন দল বিএনপির পাশাপাশি প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় এমপিরাও সংসদ নেতার বক্তব্যকে টেবিল চাপড়িয়ে সমর্থন জানান।

দুই রাজনৈতিক মেরুর দুই নেতার ঐক্যের ডাক আসলে কতটা সম্ভব জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বর্তমান সরকার ও বিরোধী দলতো দীর্ঘ দিন একইসঙ্গে ছিল। এখন হয়তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা আলাদা অবস্থান নিয়ে রাজনীতি করছে। আর এখন যে ঐক্যের কথা বলা হচ্ছে, তার পেছনেও হয়তো দেনা-পাওনার হিসাব-নিকাশ থাকতে পারে।’’

মূলত নিজেদের অস্তিত্ব টিকাতেই তারা ঐক্য করতে পারে। তবে এর মাধ্যমে সাধারণ মানুষের কোনও স্বার্থ নেই বলে তিনি মনে করেন। এর মাধ্যমে সামনে দুই পক্ষ আরও কাছাকাছি আসবে কি না তা এখনই বলা সম্ভব নয়, বলেন তিনি।

ঐক্যের ধরন কী, কবে হবে?

বর্তমান সরকার ও প্রধান বিরোধী দলের মধ্যে রাজনৈতিক ঐক্য নিয়ে আলোচনায় একাধিক বিশ্লেষক বলেন, সাধারণত বিগত কয়েক দশক ধরে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক ঐক্য খুব একটা দেখা যায়নি।  যেহেতু ক্ষমতাসীন বিএনপি এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে এক সঙ্গে ছিল, তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া থাকতেই পারে। বিশেষ করে সংসদের বিভিন্ন বৈঠকে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার পাশাপাশি বসার দৃশ্যকে অনেকে এমনটি মনে করে থাকেন। তাই দুই দলেরই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রশ্নে তাদের মধ্যে ঐক্য হওয়া অসম্ভব নয়।

প্রশ্ন ওঠেছে আদৌ ঐক্য হবে কি না, আর হলেই বা এর ধরন কী হবে? এমন প্রশ্নে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘অতীতের মিত্র হিসেবে কিছু কমন ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে ঐক্য হতে পারে। বিশেষ করে আওয়ামী লীগের চলমান নৈরাজ্য যদি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়, তাহলে তো তাদের মধ্যে দূরত্ব কমতেই পারে। এক্ষেত্রে তাদেরকে এক মঞ্চেই আসতেই হবে, এমন কোনও কথা নেই। তারা চাইলে নিজের অবস্থান থেকে অতীতের মতো যুগপৎভাবেও ঐক্য করতে পারে। তা যেকোনও সময়েই সম্ভব।’’

ঐক্যে শর্ত, কী করবে বিএনপি?

বিএনপি ও বিরোধী দলের মধ্যে ঐক্যে গড়তে কোনও শর্ত থাকবে? আর শর্ত মেনে কি বিএনপি ঐক্য করবে? এমন আলোচনাও হচ্ছে।

জানতে চাইলে আমার বাংলাদেশ পার্টির (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ফ্যাসিবাদ মোকাবিলা করতে সরকারি দল ও বিরোধী দলের ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা অবশ্যই ইতিবাচক। তবে এক্ষেত্রে সরকার যদি জুলাই সনদ কার্যকর করে, তাহলে তো তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হয় না। আর ফ্যাসিবাদ বিতারণে মাঠে নামতেও  আমাদের সমস্যা নেই।’’

এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ১১ দলের সংবাদ সম্মেলনে জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘‘গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য হতে পারে।’’ তিনি অভিযোগ করে বলেন, ‘‘গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে বিএনপি।’’

ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন এমপি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘জনগণের জানমালের দায়িত্ব সরকারের। কিন্তু সরকার এতদিন ফ্যাসিবাদকে পুনর্বাসন করেছে। তারপরও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াতের নাশকতাবিরোধী  কর্মসূচি অব্যাহত আছে। আর সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে, ফ্যাসিবাদবিরোধী ঐক্য হতে পারে।’’

অবশ্য ভিন্ন কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব দলকেই ঐক্যেরে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এতে বিরোধী দল সাড়া দেবে বলে আমাদের বিশ্বাস। কিন্তু এতে শর্ত থাকলে তো ঐক্য বিঘ্নিত হতে পারে।’’

জাতীয় নাগরিক পার্টির  (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বলেন, ‘‘ঐক্য চাইলে সরকারকে বিগত দিনের ভুল পদক্ষেগুলোর বিষয়ে অনুতপ্ত হতে হবে। এরপর আমরা বিবেচনা করবো।’’

/এপিএইচ/
সম্পর্কিত
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
দেশীয় পোশাকশিল্পে অবদানের স্বীকৃতি  ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
দেশজুড়ে এনসিপির ৩৯ দিনের কর্মসূচি
দেশজুড়ে এনসিপির ৩৯ দিনের কর্মসূচি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক