সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সৌদি আরবের বিমানবন্দরে হামলায় আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ‘ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম উইং সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। এই মর্মান্তিক ঘটনায় আমাদের দুজন প্রবাসী নাগরিক মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমরা সার্বক্ষণিক তাদের চিকিৎসার খোঁজ নিচ্ছি। আমি নিজেও আহত একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা জানিয়েছি ও সহায়তার আশ্বাস দিয়েছি।’
ক্রান্তিকালীন সময়ে অত্যন্ত সাবধানে ও নিরাপদ আশ্রয়ে থাকতে সৌদি প্রবাসীদের উদ্দেশে পরামর্শ দিয়ে মন্ত্রী কোনও জরুরি প্রয়োজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানান।
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।
বিমানবন্দরে হয়রানি সংক্রান্ত নির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে তা সরাসরি নিষ্পত্তির জন্য আমাদের ইমেইল- [email protected] এ প্রেরণের জন্য অনুরোধ করছি।
মন্ত্রী বলেন, ‘নারায়নগঞ্জের শ্রমজীবী মেয়েরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কাজ করতে পারেন, সেজন্য তাদের আবাসন সুবিধার জন্য মহিলা হোস্টেল এবং চিকিৎসা সহায়তার জন্য ৫ শয্যার হাসপাতালটি আমি সরেজমিনে পরিদর্শন করেছি। এলাকার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে আগামী ৭ নভেম্বর এই শ্রমজীবী মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম পূর্ণ উদ্যেমে পুনরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার লক্ষ্য নিয়ে কাজ করছি।’
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস