আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ দুই বছর পর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে। তিনি ঢাকা মহানগর ডিবির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে বেশ আলোচনায় এসেছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে তাকে বরখাস্তের বিষয়টি জানা যায়।
তার বরখাস্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও কর্মস্থলে ফেরেননি। এ ঘটনায় ২০২৬ সালের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশেরও জবাব দেননি তিনি। পরে রাষ্ট্রপতির অনুমোদন ও সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে পুলিশের আরও ৬ কর্মকর্তাকে বরখাস্ত ও একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বরখাস্ত ৬ ছয় কর্মকর্তা হলেন- রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, লক্ষ্মীপুর জেলার সাবেক পুলিশ সুপার তারেক বিন রশিদ, নৌপুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন, সাবেক সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান।
এ ছাড়া ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর।