জুলাই জাদুঘরে শহীদদের স্মৃতি সব সংরক্ষিত হচ্ছে না, অভিযোগ সানজিদা ইসলামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৩ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৩

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, গুমের শিকার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত সব স্মৃতিচিহ্ন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম।

শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন এখনও প্রদর্শনে আসেনি উল্লেখ করে এগুলোর সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা জানতে চান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে সংসদে সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়টি তুলে ধরেন।

সানজিদা ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুমের শিকার ব্যক্তি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও শেষ স্মৃতিচিহ্ন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল। এসব স্মৃতিচিহ্নের মধ্যে রয়েছে রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগ। কিন্তু সবকিছু এখনও যথাযথভাবে প্রদর্শন করা হয়নি।

তিনি প্রশ্ন করেন, যেসব স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হচ্ছে না, সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না। এসব শুধু শহীদ পরিবারের স্মৃতি নয়, বাংলাদেশের জন্যও অত্যন্ত মূল্যবান সম্পদ। তাই এগুলোর যথাযথ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নেওয়া জরুরি।

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংসদ সদস্যের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাদুঘরটির উদ্বোধন হলেও কার্যক্রম এখনও চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হবে।

মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে সরকার অন্যতম ঐতিহাসিক গণঅভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই যথাযথ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট স্মৃতিচিহ্নগুলো জাদুঘরে প্রদর্শন করা হবে। এ সময় বাদ পড়া স্মৃতিচিহ্নগুলোর একটি লিখিত তালিকা দেওয়ার জন্য সংসদ সদস্যকে অনুরোধ জানান তিনি। তালিকা পেলে সেগুলোও বিবেচনায় নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
১৫ বছরে ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন যাত্রীরা
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাও করতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
স্বাস্থ্য পরামর্শে এআইয়ের ব্যবহার জানতে নতুন অ্যাপ আনলো অ্যাপল
স্বাস্থ্য পরামর্শে এআইয়ের ব্যবহার জানতে নতুন অ্যাপ আনলো অ্যাপল
১৫ বছরে ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন যাত্রীরা
১৫ বছরে ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন যাত্রীরা
মুস্তাকিমের গোলে ম্যাকাওকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়
মুস্তাকিমের গোলে ম্যাকাওকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
সর্বাধিক পঠিত
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন