দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ২২:১১ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২২:১১

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।

স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’

অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন স্পিকার। তিনি বলেন, ‘সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন।’

জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান স্পিকার। এ ছাড়া ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানান স্পিকার। একই সঙ্গে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যমের সাংবাদিক, কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন স্পিকার। তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি চতুর্থ অধিবেশন ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করছি।’

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে যা বললেন প্রধানমন্ত্রী
‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
সংসদ ভবনে দেড় শতাধিক শিক্ষার্থী, যেসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির আগের সিদ্ধান্ত বাতিল
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির আগের সিদ্ধান্ত বাতিল
পোশাক খাতের অস্থিরতায় বিপর্যস্ত হতে পারে ব্যাংক খাত
পোশাক খাতের অস্থিরতায় বিপর্যস্ত হতে পারে ব্যাংক খাত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জোহানেসবার্গে হার এড়াতে লড়ছে বাংলাদেশ
জোহানেসবার্গে হার এড়াতে লড়ছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা