ঢাকা থেকে গোপালগঞ্জসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ নভেম্বর ২০২৬, ১৮:১৬ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৮:১৬

রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে আজ শুক্রবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বাস। ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে বিভিন্ন রুটসহ সারা দেশে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহন মালিক সমিতি ও বিভিন্ন বাস কাউন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে গোপালগঞ্জে সড়ক অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটে গত দুই দিন বাস চলাচল বন্ধ ছিল। তবে গতকাল বিকাল থেকে এসব রুটে আবারও বাস চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যান্য সময়ের মতো বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রেতাদের হাকডাক। যাত্রীও দেখা যায় স্বাভাবিক। তবে বৈরী আবহাওয়ার কারণে যাত্রী সংখ্যা আজ কিছুটা কম বলে জানান বাস কাউন্টারের কর্মচারীরা।

এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, সারা দেশে আমাদের সব জায়গায় গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। শুধু গোপালগঞ্জের কারণে দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটে আমাদের গাড়ি চলাচল বন্ধ ছিল। যেমন—পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোরসহ বরিশাল অঞ্চলে যেসব পরিবহন পদ্মা সেতু ও হাইওয়ে ব্যবহার করে চলাচল করে, সেগুলো গোপালগঞ্জের রাস্তা অবরোধের কারণে যেতে পারেনি।

তিনি বলেন, এই রুটগুলোতে লকডাউনে নিরাপত্তারজনিত কারণে দুদিন গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে বুধবার বিকাল ৪টার পর থেকে আবার গাড়ি চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো গতকাল সন্ধ্যার পর গোপালগঞ্জ পার হয়ে খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা ও যশোরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় পৌঁছেছে। এখন আর কোনও সমস্যা নেই।

খোকন বলেন, গত দুদিন সায়েদাবাদ, ফুলবাড়িয়া থেকে যেসব বাস গোপালগঞ্জ হয়ে পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল যায়, সেগুলো বন্ধ ছিল। তবে ওই বাস টার্মিনালগুলো থেকে অন্যান্য রুটের বাস চলাচল স্বাভাবিক ছিল। 

গাবতলী বাস টার্মিনালের গিয়ে কথা হয় বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহনের কাউন্টার মাস্টারদের সঙ্গে। তারা জানান, এই টার্মিনাল থেকে যথা সময়েই বাস চলাচল করেছে। তাদের কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি। 

লালন শাহ পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ মুকুল বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের টার্মিনাল থেকে নিয়মিতভাবেই গাড়ি যাচ্ছে। গতকালের লকডাউন বা এর আগে বন্ধ ছিল না। আমরা আমাদের নিয়মিত যে টাইম, সেই অনুযায়ী গাড়ি ছেড়েছি। শুনেছি পদ্মা সেতু দিয়ে যেসব গাড়ি যায় সেগুলো দুই দিন বন্ধ ছিল। 

শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার মো. নাসির বলেন, আমাদের এখান থেকে উত্তরবঙ্গের গাড়ি নিয়মিতই চলছে। আমাদের কোম্পানি গাড়ি বন্ধ রাখার কোনও নির্দেশ দেয়নি। যেভাবে সব সময় চলে সেভাবেই চলছে।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মোহাম্মদ জাবেদ বলেন, লকডাউনের কোনও প্রভাব আমাদের টার্মিনালে পড়েনি। সব গাড়ি টাইম টু টাইম ছেড়ে গিয়েছে। তবে একটা ভালো প্রভাব পড়েছে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের যাত্রী স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে। কারণ কালকে দিনে পদ্মা সেতু বন্ধ থাকায় গুলিস্তান, সায়েদাবাদ এলাকার লোক গাবতলী এসেছে। এই রুট দিয়ে গিয়েছে। 

তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার পর আমাদের এদিকে যাত্রী কমে গিয়েছিল। কারণ এ দিক দিয়ে গেলে ফেরি পার হতে হয়। গতকাল পদ্মা সেতু বন্ধ থাকায় যাত্রী আমাদের এ দিক দিয়ে গিয়েছে। আমরা সাধারণ প্রতিদিন আটটা গাড়ি ছাড়ি, কিন্তু কালকে তেরোটা গাড়ি ছেড়েছি। পুরো গাড়ি ছিল ফুল। কোনও সিট ফাঁকা ছিল না। 

গোপালগঞ্জ রুটে চলাচলকারী সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মো. নাহিদ হোসেন বলেন, আমাদের গাড়ি পরশুদিন রাত থেকে গতকাল রাত পর্যন্ত বন্ধ ছিল। নিরাপত্তাজনিত কারণে কোনও গাড়ি ছাড়েনি কোম্পানি। গতকাল রাত থেকে আবার চালু হয়েছে। এরপর থেকে নরমাল টাইম অনুযায়ী যাচ্ছে গাড়ি। 

এদিকে, যাত্রীদের মধ্যেও ছিল স্বাভাবিক যাত্রার প্রবণতা। কুষ্টিয়া যাত্রী আলাউদ্দিন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, গত দুই দিন সব জায়গায় একটু উত্তেজনাকর পরিস্থিতি থাকায় ইচ্ছা করেই যাইনি বাড়িতে, যদিও আমি যেতে পারতাম। আজকে যাচ্ছি; কারণ, এখন সেই পরিস্থিতি আর নেই, সব ঠান্ডা হয়ে গিয়েছে। 

তবে বৈরী আবহাওয়ার কারণে যাত্রীর সংখ্যা কিছুটা কম ছিল বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। রাসেল এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার বলেন, আজকে যাত্রী চলাচল একটু কম। কারণ বৃষ্টিতে অনেকে বাসা থেকে বের হচ্ছেন না। দেখা যাক রাতে বৃষ্টি কমলে যাত্রী বাড়ে কি না। 

/এএজে/আইএএম/
সম্পর্কিত
রাজধানীতে নাশকতার চেষ্টাকালে পেট্রোলভর্তি পলিথিনের গোলা উদ্ধার, গ্রেফতার ৩
রাজধানীতে একদিনে ৪৭৪ জন গ্রেফতার, মামলা ৪৮
শাহজালালেও নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে নজরদারি
সর্বশেষ খবর
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে চলছে বাস
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে চলছে বাস
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, আক্রান্ত ১৩৪৭
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, আক্রান্ত ১৩৪৭
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের