কৃষিপণ্যের রফতানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ নভেম্বর ২০২৬, ১৯:১৭ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:১৭

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে আধুনিক প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে কৃষিপণ্যের রফতানি সম্ভাবনা আরও বাড়বে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান বিবেচনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চলের মাটির পুষ্টিমানভিত্তিক মানচিত্র (সয়েল ম্যাপিং) তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি অঞ্চল ও মৌসুম অনুযায়ী উপযোগী ফসল চিহ্নিত করে কৃষকদের পরামর্শ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কৃষিপণ্য রফতানিতে আন্তর্জাতিক মান বজায় রাখতে কেন্দ্রীয় প্যাকিং হাউসের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কথাও বলেন বাণিজ্যমন্ত্রী। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয়, মান নিয়ন্ত্রণ এবং আধুনিক প্যাকেজিং ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রফতানি হয়েছে। এর মধ্যে তাজা ফল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন, শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন। আগের অর্থবছরে রফতানির পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। অর্থাৎ এক বছরে রফতানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।

রফতানি করা ফলের মধ্যে রয়েছে আম, কাঁঠাল ও লেবুজাতীয় ফল। ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিকটন আম, ৭১৯ দশমিক ২২ মেট্রিকটন কাঁঠাল এবং ৬৫২ দশমিক ৭৮ মেট্রিকটন লেবুজাতীয় ফল রফতানি হয়েছে। এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য রফতানি হচ্ছে। এসব পণ্যের উল্লেখযোগ্য গন্তব্য যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ।

প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় প্যাকিং হাউস চালুর আগে বাংলাদেশের কৃষিপণ্যের মানসংক্রান্ত অসংগতির বিষয়ে ইইউ থেকে বছরে ১২০ থেকে ১৭০টি নোটিফিকেশন আসত। প্রতিষ্ঠানটি চালুর পর তা কমে বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে নেমেছে। বিশেষ করে মান নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক পরীক্ষা ও উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম রফতানি হয়েছে। এসব চালানের বিপরীতে কোনো নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন পাওয়া যায়নি।

রফতানি প্রক্রিয়ায় ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পাশাপাশি রপ্তানিযোগ্য কৃষিপণ্যের পরীক্ষা, ক্ষতিকর বালাই ও কীটনাশকের অবশিষ্টাংশ শনাক্তকরণ এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির মাধ্যমে ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ২১ হাজার ৫১৬টি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিয়ে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ২৩ টাকা রাজস্ব আয় হয়েছে। শুধু ২০২৫-২৬ অর্থবছরে ৪ হাজার ৫০৪টি সনদ দিয়ে রাজস্ব এসেছে ২৩ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।

সভা শেষে মন্ত্রী কেন্দ্রীয় প্যাকিং হাউসের বিভিন্ন পরীক্ষাগার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইনসহ কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/জিকে/
সম্পর্কিত
মিথ্যা নিয়ে পিএইচডি থাকলে শেখ হাসিনা পেতেন: বাণিজ্যমন্ত্রী
৫০টি কারখানায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি হলো, হিসাব দিলো বিজিএমইএ
সর্বশেষ খবর
পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা
পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
‘মিস ইউনিভার্স ২০২৬’ নিয়ে বিতর্ক: ফলাফল কি পাতানো ছিল?
‘মিস ইউনিভার্স ২০২৬’ নিয়ে বিতর্ক: ফলাফল কি পাতানো ছিল?
জাতীয় প্রাণিসম্পদ স্বর্ণ পদক পেলো মন্ত্রীর প্রতিষ্ঠান
জাতীয় প্রাণিসম্পদ স্বর্ণ পদক পেলো মন্ত্রীর প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির