
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে করা রিট নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের অবকাশকালীন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
গত ৩ এপ্রিল সকালে এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ। আবেদনে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, কুমিল্লার পুলিশ সুপার ও কোতোয়ালি থানার ওসিসহ সংশ্লিষ্ট আটজনকে।
এর আগে তিনবার এই আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন হাইকোর্টের পৃথক কয়েকটি বেঞ্চ। এরপর আবেদনকারী আইনজীবী ফের বিচারপতি সালমা মাসুদের নেতৃত্বাধীন বেঞ্চে নিয়ে যান। পরে আদালত মামলাটি সুপ্রিম কোর্টের অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন:
কাশিমপুর কারাগারের সামনে প্রধান রক্ষীকে গুলি করে হত্যা
রিট আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, ‘অবকাশকালীন কোর্ট শেষে নিয়মিত বেঞ্চে এ আবেদনটি উপস্থাপন করব।’
গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের অলিপুর এলাকার কালা ট্যাংক সংলগ্ন জঙ্গল থেকে কলেজছাত্রী তনুর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের পরিবার। এ ঘটনায় খুনিদের গ্রেফতার না করায় এ রিট আবেদন করা হয়।
রিট আবেদনে হত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিটি, পরিবারকে হয়রানি না করা, ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানসহ নারীদের নিরাপত্তাবিধানের নির্দেশনাও চাওয়া হয়েছে।
/ইউআই/এসটি/








