ভয় দেখয়ে ভিডিও প্রকাশ করে দিয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। ইতোমধ্যে সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছেন। আজ শনিবার তারা প্রতিবাদ সমাবেশের ডাকও দিয়েছেন। এরইমধ্যে বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়কেও তারা এ আন্দোলনে শরিক হতে আহ্বান জানাবেন বলে জানা গেছে।
সম্প্রতি এক শিক্ষার্থীর করা অভিযোগে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষক যৌন হয়রানির চেষ্টা করেন এমনকি পরবর্তীতে নানাভাবে হুমকি এবং ব্লাকমেইল করেছেন যাতে অভিযোগ দাখিল করা না যায়। এ বিষয়ে শিক্ষার্থী অভিযোগ করতে চেয়ে বিপদের মুখে পড়েছেন বলে দাবি সহপাঠীদের।
এ নিয়ে খোলা একটি ফেসবুক ইভেন্টে গিয়ে দেখা যায়, একের পর এক অন্য শিক্ষার্থীরাও তাদের নানা হয়রানি ও যৌন হয়রানির সম্ভাবনার কথা জানাচ্ছেন। তারা বলছেন অনেক সময় কর্তৃপক্ষ জেনেও উদাসীনতার পরিচয় দিয়ে কোনও বিচার বা পদক্ষেপ নিচ্ছেন না।
বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না উল্লেখ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্ম ও বর্তমান শিক্ষার্থীদের স্বার্থে সকলে এক জোট হয়ে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর এবং এই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে বলে তারা দাবি করেন।
/ইউআই








