চলমান তাপপ্রবাহে অস্থির রাজধানীবাসীর জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। তাপে পোড়া নগরবাসীকে ভেজাতে আজ রবিবার বৃষ্টি নামতে পারে ঢাকায়। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বহু প্রতীক্ষিত বৃষ্টি আসার এ সংবাদ। এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে।
এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আরও জানানো হয়, শনিবার ঢাকায় বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ।
/এমও/এমপি/এপিএইচ/








