
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ১৯৭১ সালের খুনিরাই ‘৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করে। কারণ মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে তারা প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটায়। এটা পৃথিবীর জঘণ্য এবং নির্মম হত্যাকাণ্ড।
রবিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের উদ্যোগে আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোকদিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। স্বাধীনতার পর দেশে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং গণতান্ত্রিক পরিবর্তনের যে ধারার শুরু হয়েছিল এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেটিকে পরিবর্তন করে খুনিরা মনগড়া পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল। খুনিরা জিয়া ও মোশতাকের অনুসারী।’
তিনি আরও বলেন, দেশকে সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, বিষবৃক্ষ বিএনপি ও জামায়াত এবং সাম্প্রদায়িকতার অভিশাপ থেকে উদ্ধারের চেষ্টা চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে চেষ্টাই চালিয়ে যাচ্ছি।
তথ্যমন্ত্রী বলেন, এ দেশের ধর্মীয়, সামাজিক ও সংস্কৃতির কোনও কিছুতেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ আশ্রয় পায় না।
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইশতাক হোসেন প্রমুখ।
আরও পড়ুন: ফের পেছাল সাকার রায় ফাঁস মামলার রায়
/এসআই/এসএনএইচ/এসটি/








