ছেলে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক পুরস্কার লাভ করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে নির্মাণে জয়ের অবদান আছে। তার আন্তর্জাতিক স্বীকৃতিতে মা হিসেবে আমি গর্বিত।’ রবিবার বিকাল চারটার পর প্রধামন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কানাডা ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ার বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘মা হিসাবে আমি বলতে পারি যে ১৯৯১ সালে থেকে আমাদের দল যখন কম্পিউটার কেনে সেই তখন থেকেই ওর পরামর্শক্রমে কম্পিউটার চলানো, কম্পিউটার ব্যবহার সব শিখেছি। ৯৬ সালে সরকারে এসে কম্পিউটারের ব্যাপক প্রসার ঘটানোর ব্যবস্থা আমরা নিয়েছি। আর ২০০৮ এ তো আমাদের নির্বাচনি ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছি। কাজেই তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি সে পেয়েছে। আমি জয়ের জন্য দোয়া চাই। সবাই তার জন্যে দোয়া করবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্যে জয় যে অবদান রাখছে, কাজ করছে এবং সে যে পুরুস্কৃত হয়েছে তা আমাকে গর্বিত করেছে। আমার মনে পড়ে ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জয়ের জন্ম যখন হয় তখন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমরা বন্দি। খুব দুঃসময়ে তার জন্ম।’ এসময় সেসব ঘটনা মনে করেও শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডা সরকারকে অনুরোধ করি। কানাডার জনগণও মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন দিয়েছিল।’
প্রধানমন্ত্রী তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও কানাডার গ্লোবাল ফান্ড সম্মেলন সম্পর্কে বলেন, ‘এ সময় আমি ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার পাই। এ পুরস্কার দুটি জনগণের উদ্দেশে উৎসর্গ করলাম।
/পিএইচসি/এসএনএইচ/এমও/টিএন/এমএনএইচ/








