পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘অপারেশনের নাম সাধারণত সোয়াত টিমের বিশেষজ্ঞরা দিয়ে থাকেন। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে রিপল ২৪। রিপল হচ্ছে, ঢেউয়ের মতো প্রসারিত হওয়া। আর এই অভিযানও প্রসারিত হয়েছে।’ শনিবার পৌনে ৫ টায় রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সোয়াত টিমের অভিযান শেষে ঘটনাস্থলের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি আরও বলেন, ‘এখানে তিনটি শিশুসহ মোট ৭ জন ছিল। এদের মধ্যে দুটি শিশুসহ চারজন আত্মসমর্পণ করেছে। এক শিশুকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকি দুজনের মৃতদেহ ভবনের ভেতর পড়ে আছে। যেহেতু সেখানে গ্রেনেড ও বিস্ফোরক আছে তাই এখন সেখানে বিস্ফোরক নিষ্ক্রিয়ের কাজ চলছে।’
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘নিহত দুজনের মধ্যে আজিমপুরের ঘটনায় তানভীর কাদের সিদ্দিকী ওরফে করিমের যমজ ছেলে রয়েছে। নিহত অপর নারী জঙ্গি সুমনের স্ত্রী। তবে সুমন নামে কোনও জঙ্গির তথ্য পুলিশের কাছে নেই। ধারণা করা হচ্ছে এটি কোনও জঙ্গির সাংগঠনিক নাম। তার ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ চলছে। গ্রেফতার চারজনকে জিজ্ঞাসাবাদ করে এদের সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
/এআরআর/এমডিপি/টিএন/








