জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ দমনে অভিযান অব্যাহত থাকবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে এ কথা জানান।
বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘দেশের অগ্রগতি ও নিরাপত্তার জন্য সন্ত্রাস ও জঙ্গিবাদ বড় ধরনের অন্তরায়। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ ঘৃণা করে। সরকারের আন্তরিকতা ও বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে এবং সর্বক্ষেত্রে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে।’
জঙ্গি দমনে সরকারের সফলতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশে প্রো-এ্যাকটিভ পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। হোলি আর্টিজান হামলার পর এ যাবৎ যতগুলো অপারেশন পরিচালিত হয়েছে তার সবগুলোই জঙ্গিগোষ্ঠী আঘাত হানার আগেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে এবং জঙ্গি আস্তানাসমূহ গুঁড়িয়ে দিয়েছে।’
এসব অভিযান পরিচালনার ফলে বর্তমানে জঙ্গি তৎপরতা বহুলাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং জঙ্গি দমনে এ সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
- ‘নোটিশ পেলে প্রতিরক্ষা বিষয়ক সব চুক্তি সংসদে উপস্থাপন করা হবে’
- বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন সুষ্ঠু হয়েছে: প্রধানমন্ত্রী
/ইএইচএস/এমও/








