দীর্ঘ প্রতীক্ষিত দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে জিএসএলভি-জিরো নাইন নামের এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু স্যাটেলাইট উৎক্ষেপনের খবর জানিয়েছে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এটি তৈরি করেছে। এ স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঘনিষ্ঠ করবে বলে আশা করা হচ্ছে।
দুই হাজার ২শ ৩০ কেজি ওজনের স্যাটেলাইটটি নির্মাণে তিন বছর সময় লেগেছে। এই স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে টেলিযোগাযোগ, টেলি-মেডিসিন, টেলি-এডুকেশন ও অন্যান্যের খাতে দ্রুত সেবা প্রদানে অবদান রাখবে। তথ্য উপাত্ত প্রদানের মাধ্যমে স্যাটেলাইটটি পানি সংরক্ষণ উদ্যোগ, আবহাওয়া বার্তা ও প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা পাঠাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এই স্যাটেলাইন উৎক্ষেপণের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের পর দক্ষিণ এশিয়ার সাতটি দেশের শীর্ষ নেতারা তাদের নিজ নিজ দেশ থেকে একটি ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে যোগ দেবেন।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানরাও নিজ নিজ দেশ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। এ অনুষ্ঠানের আয়োজক নরেন্দ্র মোদি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় এটি গুরুত্বপূর্ণ, কারণ সাতটি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধান একসঙ্গে এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন।’ তবে এই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার সব দেশ থাকলেও পাকিস্তান থাকছে না বলেও জানান তিনি।
২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে সার্ক স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেন এবং সার্কের অন্য সাতটি দেশকে বিনামূল্যে এর সুবিধা নেওয়ার আহ্বান জানান। এই স্যাটেলাইট নির্মাণের জন্য বিজ্ঞানী ও অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত তাদের সহযোগিতা নিতে অস্বীকৃতি জানায়। ফলে পাকিস্তান এই ইস্যুতে সরে দাঁড়ালে সার্ক স্যাটেলাইটের বদলে এর নামকরণ করা হয় দক্ষিণ এশিয়া স্যাটেলাইট। সূত্র: দ্য হিন্দু, বাসস।
আরও পড়ুন-
দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ আজ, ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী
/এএ/








