কোরবানির হাটে পশু: বিনামূল্যের স্বাস্থ্যপরীক্ষা মিলছে টাকার বিনিময়ে

শাহেদ শফিক
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৭

 

কোরবানির হাটে পশুর স্বাস্থ্যপরীক্ষা শেষে ইনজেকশন দিচ্ছেন চিকিৎসক প্রতিবছরই রাজধানীর কোরবানির হাটগুলোয় বিনামূল্যে পশুর স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসা দেওয়ার জন্য থাকে সিটি করপোরেশনের একাধিক চিকিৎসক দল। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগে এবার স্বাস্থ্য অধিদফতর ও নিরাপদ খাদ্য অধিদফতরের সমন্বয়ে চিকিৎকদের নিয়ে ১৭টি দল গঠন করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎকরা পশুর স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসার জন্য টাকা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কোরবানির হাটের পশু-বিক্রেতারা বলছেন, তারা  চিকিৎসকদের টাকা দিতে বাধ্য হচ্ছেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে দুই সিটির সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, অভিযোগ পাওয়া গেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটির অধীনে মেরাদিয়া কোরবানির পশুর হাটে দেখা গেছে, কুষ্টিয়া থেকে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী আইয়ুব আলী। দীর্ঘপথ পাড়ি দিয়ে মেরাদিয়া হাটে পৌঁছার পর একটি গরু মাটিতে শুয়ে পড়ে। অনেক চেষ্টার পরও দাঁড় করানো যাচ্ছে না। ফলে গরুটির দিকে কোনও ক্রেতারই আগ্রহ দেখা যাচ্ছে না। তিনি ভেটেরিনারি চিকিৎসকদের টিম থেকে দু’জন চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসকরা গরুকে তিনটি ইনজেকশন দেন। বিনিময়ে  ব্যবসায়ীর কাছ থেকে বকসিস চেয়ে বসেন তারা। এতে কিছুটা অবাক হয়ে আইয়ুব আলী বলেন, ‘আপনারা তো সরকারি চিকিৎসক। টাকা চাইছেন কেন?’ জবাবে একজন জানান, ‘টাকা না, ঈদের বকসিস চেয়েছি। কিছু দিন।’ অনেক তর্কবিতর্কের পর শেষপর্যন্ত চিকিৎকদের বকসিস দিতে বাধ্য হন আইয়ুব আলী।  

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে, এই প্রতিবেদককে ওই দুই চিকিৎসক কোনও কথা বলতে রাজি হননি। বরং দ্রুত দু’জন দু’দিকে চলে যান।

জানতে চাইলে ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, ‘করার কিছুই নেই। তারা সরকারি লোক। চিকিৎসা দিয়ে টাকা চেয়ে বসেন। কী করব? চিকিৎসা পেয়েছি, এটাই বেশি। তাদের কাজের অনেক প্রশংসাও করলাম। কিন্তু টাকা না দিয়ে পারলাম না।’

মেরাদিয়া কোরবানির হাটে পশুর স্বাস্থ্যপরীক্ষার টাকা নিয়ে চলছে দর কষাকষি

একই চিত্র দেখা গেছে আফতাব নগর পশুর হাটে। এ হাটে দুই লাখ টাকা মূল্যের একটি পশু কেনার আগে তার স্বাস্থ্যপরীক্ষা করে নেওয়ার জন্য সিটি করপোরেশনের ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ চান বনশ্রীর বাসিন্দা তোফায়েল আহমেদ। কিন্তু এতে চিকিৎসকরা  অনীহা দেখাতে থাকেন। শেষপর্যন্ত বকসিসের বিনিময়ে এক জন চিকিৎসক পশুর স্বাস্থ্যপরীক্ষা করে দেখতে রাজি হন। এ প্রসঙ্গে ক্রেতা তোফায়েল আহমেদ বলেন, ‘এত টাকার পশু নেব।  পশুটা নিরাপদ কিনা, সেটা তো দেখে নেওয়া ভালো। সিটি করপোরেশন যেহেতু হাটে ডাক্তারের টিম পাঠিয়েছে, সেহেতু পরীক্ষা করে নিলে তো ভালো হয়। কিন্তু তাতেও দুর্নীতি! টাকা দেওয়ার আগে অনীহা দেখান ডাক্তাররা। হাতের মধ্যে কিছু টাকা ধরিয়ে দেওয়ার পর ঠিকই এসে পশুটি দেখে দিয়েছেন।’

এ বিষয়ে কথা বলার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহ্ উদ্দীনকে ফোন করে পাওয়া যায়নি। তবে সংস্থাটির ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. আজমত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের হাটে দু’টি ভেটেরিনারি ও দু’টি মনিটরিং টিম কাজ করছে। এর মধ্যে নিরাপদ খাদ্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিফতরের চিকিৎসকরা রয়েছেন। সেবার জন্য কেউ টাকা নিতে পারবেন না। সম্পূর্ণ খরচ সিটি করপোরেশন বহন করবে।’

এদিকে উত্তর সিটির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোরবানির হাটে মনিটরিং ও চিকিৎসার জন্য আমাদের কয়েকটি টিম কাজ করছে। তারা হাটগুলোতে সার্বক্ষণিক বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিচ্ছেন। কিন্তু কেউ যদি টাকা নিয়ে চিকিৎসা দেন, অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেব।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি