মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ছবিসহ তালিকা করা হবে। তালিকায় তাদের নাম, মিয়ানমারের যে এলাকা থেকে এসেছেন সেই স্থানের নাম, ছবি এবং সম্ভব হলে তাদের ফিঙ্গার প্রিন্ট সংযুক্ত করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বাংলা টিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, রোহিঙ্গাদের ডাটাবেজ করা হবে। সঠিক হিসাব রাখতে রোহিঙ্গাদের তালিকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে বর্তমান রেজিস্ট্রার্ড রোহিঙ্গার সংখ্যা কমবেশি ৩৪ হাজার। তবে নতুন রোহিঙ্গা শুমারি অনুযায়ী, এদেশে রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ৪ লাখ। আর মিয়ানমারে সাম্প্রতিক হামলার কারণে বাংলাদেশে নতুন করে আরও প্রায় তিন লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। ফলে বর্তমানে বাংলাদেশে প্রায় সাত লাখ রোহিঙ্গা অবস্থান করছে।








