বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের উদ্দেশে রওনা দিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরের ভিভিআইপ লাউঞ্জ থেকে বের হন। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। এসময় প্রধানমন্ত্রী গাড়ির ভেতর থেকে হাত নেড়ে সাড়া দেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আবদুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি ০০২ ফ্লাইটি সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বরণ করতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
শনিবার (৭ অক্টোবর) সকাল ৭টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা হতে নির্দিষ্ট স্থানগুলোয় জমায়েত হতে শুরু করেছেন তারা। বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা নির্ধারিত স্থানগুলোয় সমবেত হয়েছেন। নেতাকর্মীরা বিমানবন্দর, মহাখালী, বনানী, বিজয় স্মরণী, সামরিক জাদুঘর, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনের সড়কে জমায়েত হয়েছেন।
রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রীর মানবিক আচরণের জন্য ব্রিটিশ পত্রপত্রিকা শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যায়িত করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে রোহিঙ্গাদের নিরাপত্তা ও তাদের ফেরত নিতে জাতিসংঘ সাধারণ পরিষদে তার দেওয়া পাঁচ দফা প্রস্তাব বিশ্ব নেতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এসব কারণে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে।
ছবি সাজ্জাদ হোসেন।








