প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল যথেষ্ট উন্নতি করেছে। ওয়ার্ল্ড কাপ পাওয়া একেকটা নামিদামি দলের সঙ্গে খেলা, সেটা কিন্তু কম কথা নয়। কিন্তু সেখানে বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত চমৎকার ছিল। আমরা যে খেলতে পেরেছি বা এতটা যেতে পেরেছি, এটা অনেক বড় কথা। আমাদের যারা খেলোয়াড়, যেমন সাকিব আল হাসান, সে তো বিশ্বে একটা স্থান করে নিয়েছে। মোস্তাফিজ একটা স্থান করে নিয়েছে।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পাঁচ দিনের চীন সফর নিয়ে সোমবার (৮ জুলাই) আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘খেলা এমন একটা জিনিস, অনেক সময় ভাগ্যও কিন্তু লাগে। সবসময় যে একই রকম হবে, তা নয়। খেলায় সাহসী মনোভাব নিয়ে মোকাবিলা করতে পারা−আমি এটা প্রশংসা করি। এতগুলো দল খেললো, তার মধ্যে মাত্র চারটি দল সেমিফাইনালে উঠেছে। তার মানে কি বাকিরা সবাই খারাপ খেলেছে? একেকটা জাঁদরেল জাঁদরেল দল, দীর্ঘদিন ধরে যারা খেলে খেলে অভ্যস্ত, তাদের সঙ্গে মোকাবিলা করে খেলায় ছেলেদের কনফিডেন্সের কোনও অভাব দেখিনি।’
তিনি বলেন, আমি নিজে খেলা দেখেছি। আমাদের ছেলেদের ধন্যবাদ জানাবো, তারা যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে। তাদের ভেতর একটা আলাদা আত্মবিশ্বাস ফিরে এসেছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা বিষয় খেয়াল রাখবেন, খেলাধুলায় আসে কারা, প্লেয়ার পাচ্ছেন কতজন। আমরা যখন প্রথম সরকারে ছিলাম আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তখন স্পোর্টস মিনিস্টার, তখন থেকে আমরা উদ্যোগ গ্রহণ করি। ছোটবেলা থেকে ছেলেরা যাতে খেলায় অংশ নিয়ে অভ্যস্ত হয়, সে পদক্ষেপ নিয়েছি। ছোটবেলা থেকে প্র্যাকটিস করে তাদের তৈরি করেছি। এটা আস্তে আস্তে করে যাচ্ছি।’
তিনি বলেন, আমি আমার ছেলেদের কখনও নিরুৎসাহিত করি না। আমি বলি, তোমরা ভালো খেলেছো। ৩৮১ রানের টার্গেটে ৩৩৩ করেছে। এটাকে খারাপ বলবেন কি? বলবো না। আমাদের ছেলেদের কেউ খারাপ বলতে পারবে না। আমি নিজে খেলা দেখেছি, আমাদের ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে। খেলোয়াড়দের কনফিডেন্স, তাদের পারফরম্যান্স বাড়াতে আমরা কাজ করছি।
আরও পড়ুন:
চাকরির বয়স ৩৫ না করার পক্ষে যা বললেন প্রধানমন্ত্রী
যে দামে কিনবো সেই দামেই কি বেচবো: গ্যাসের দামবৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী








