ফের পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। বৃহস্পতিবার মামলার নির্ধারিত তারিখ থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন। আগামী ১১ মে সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, বৃহস্পতিবার আদালতে আসামিরা উপস্থিত থাকলেও সাক্ষী হাজির ছিলেন না। এর আগে গত ১১,১৬,৩১ মার্চ এবং ৭ ও ২৮ এপ্রিল আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণও হয়নি।
অারও পড়তে পারেন: চূড়ান্ত বিচারে নিজামীর ফাঁসির রায় বহাল
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।
এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা করেন। হত্যা মামলা সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং বিস্ফোরক মামলা হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।
কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।
অারও পড়তে পারেন: এই নিজামীই সেই নিজামী
/এআর/এমএসএম








