চার মাসে জাপার দুই এমপির হাতে দুই প্রধান শিক্ষক লাঞ্ছিত

আমানুর রহমান রনি
১৮ মে ২০১৬, ২০:২৯আপডেট : ১৮ মে ২০১৬, ২৩:২০

সেলিম ওসমান ও বাবলা জানুয়ারিতে রাজধানীর শ্যামপুরের দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পর গত ১৩ মে লাঞ্ছিত করা হয়েছে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে। চার মাসের মধ্যে এই দুটি ঘটনাই ঘটিয়েছেন জাতীয় পার্টির দুই এমপি। এদের একজন আবু হোসেন বাবলা, অন্যজন সেলিম ওসমান।
শিক্ষকদের লাঞ্ছিত করার পর এ সংসদ সদস্যরা নিজেদের মতো ব্যাখ্যা দিয়েছেন। আগের ঘটনার বিচার হয়নি। আর নারায়াণগঞ্জের ঘটনার তদন্ত চলছে। শুধু এ দুই ঘটনাই নয়, এলাকার স্কুল কলেজে আধিপত্য বজায় রাখতে স্থানীয় সংসদ সদস্যদের এমন অনেক কার্যকলাপ সবার অগোচরেই থেকে যায়। ক্ষমতার জোরে তারা থেকে যান ধরা ছোঁয়ার বাইরে। ফলে এ ধরনের অপরাধ বাড়ছে বলে মনে করেন সমাজের সচেতন মানুষ ও শিক্ষাবিদরা।
এ বছরের ১১ জানুয়ারি স্কুল চলার সময় জাতীয় পার্টির সংসদ সদস্য আবু হোসেন বাবলার নেতৃত্বে রাজধানীর শ্যামপুরের দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমানকে মারধর করা হয়। এরপর প্রধান শিক্ষককে তার কক্ষে আটকে রাখেন বাবলার অনুসারীরা। পরে সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট সানজীদা খানম এসে তাকে উদ্ধার করেন। এ সময় এক নারী শিক্ষককে অপর একটি কক্ষে আটকে রাখা হয়েছিল বলে ওই প্রধান শিক্ষক ও ওই শিক্ষিকা অভিযোগ করেন। ওই সময় অনুসন্ধানে জানা যায়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা খানম স্কুলের গভর্নিং পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি বাবলার লোকজন প্রধান শিক্ষককে মারধর করেন।
ওই ঘটনার পর সানজিদা খানম বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘বিএনপির আমলে নজরুল ইসলাম সভাপতি ছিলেন। তাকে নিয়ে বাবলা সাহেব এই সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছেন। আমি জনসভায় যাচ্ছিলাম। শিক্ষকদের ফোন পেয়ে স্কুলে যাই। ওসিকে ফোন করি। আমি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে পুরো বিষয়টি শুনেছি। এ সময় বাবলা সাহেব ছিলেন। আমি জানতে চেয়েছি প্রধান শিক্ষকের সঙ্গে কেনও এমন করা হলো। তারা সদুত্তর দিতে পারেননি। আমরা আগামীকাল বিকেলে এবিষয়ে একটি বৈঠক ডেকেছি। সেখানে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: এমপি ও প্রশাসনের নির্দেশেই শ্যামল কান্তিকে বরখাস্ত করা হয়েছে

প্রধান শিক্ষক আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘স্থানীয় সংসদ সদস্য দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয়তলায় তার অনুসারীদের নিয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় জাতীয় পার্টির কর্মী জহিরুল ইসলামসহ অর্ধশতাধিক লোকজন ছিলেন। তারা আমার কাছে নবগঠিত কমিটির বিষয়ে জানতে চান, কাগজপত্র দেখতে চান। আমি কাগজপত্র বের করার সময় নজরুল ইসলাম আমার গলা টিপে ধরে কিল, ঘুষি মারতে থাকেন। তার সঙ্গে আরও ২০ থেকে ২৫ জন আমাকে মারধর করেন।’

তিনি জানান, ২০১৫ সালের ৬ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে স্কুলের সভাপতি নির্বাচিত হন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। এর আগে বিএনপি সমর্থিত নজরুল ইসলাম সভাপতি ছিলেন। এমপি বাবলা সাহেব নজরুলকে আবারও কমিটিতে রাখতে চেয়েছিলেন।

তবে ওই সময় প্রধান শিক্ষককে মারধরের বিষয়টি অস্বীকার করেন এমপি বাবলা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি একজন সংসদ সদস্য। আমি কেন তাকে মারধর করবো? আমি শুধু কমিটি গঠনের বিষয়টি জানতে চেয়েছি। কারণ অভিভাবকরা আমার কাছে অভিযোগ করেছিলেন। গত সাতবছর কমিটি গঠনে কোনও নির্বাচন করা হয়নি। গত মাসে রাতের অন্ধকারে নাকি একটি নির্বাচন হয়েছে। কিন্তু ভোটাররা কিছুই জানে না। তাই কাউন্সিলর হাবিবুর রহমান হাবুকে নিয়ে আমি ওই স্কুলে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রধান শিক্ষকের কাছে নির্বাচনে কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে রাজি হননি। তিনি চলে যাচ্ছিলেন। তখন অভিভাবকরা তাকে বসিয়ে দেয়।’

এই প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় কোনও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে সানজিদা খানম ও এমপি বাবলা বৈঠক করে মীমাংসা করেন।

এদিকে ওই ঘটনার চারমাসের মাথায় নারায়ণগঞ্জে মারধর ও কান ধরে উঠবস করিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করেন জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে তাকে কান ধরে উঠবস করানো হয়। এমনকি এই শিক্ষককে শেষ পর্যন্ত সাময়িক বরখাস্তও করে ম্যানেজিং কমিটি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনায় কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দীতে অবস্থিত পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। চারটি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাকে বরখাস্তের বিষয়টি উল্লেখ করা হয়।

ঘটনার পর সেলিম ওসমান নিজের মত করে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিক্ষককে জনরোষ থেকে রক্ষা করতেই কান ধরে উঠবস করানো হয়েছে।

তবে শুক্রবারের ঘটনায় শ্যামল কান্তি ভক্তকে এমপি সেলিম ওসমান কানে ধরে উঠবস প্রসঙ্গে বলেছেন, ‘আমাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ দিতেই ষড়যন্ত্র করা হয়েছে এবং আমার কাছ থেকে জোর করে পদত্যাগ পত্রে সই নিয়ে আমার যাবতীয় শিক্ষাগত ও অভিজ্ঞতার মূল সনদ এবং বিদ্যালয়ের যাবতীয় চাবি আমার কাছ থেকে রেখে দেওয়া হয়েছে। ওই সময় স্থানীয়দের জনরোষ থেকে এমপি মহোদয় আমাকে উদ্ধার করেন। তখন আমার আসলে হিতাহিত জ্ঞান ছিল না।’

ঘটনার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষককে লাঞ্ছিত করায় আমি বিব্রত। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শিক্ষককে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের শাস্তি হবে।’

আইনপ্রণেতাদের মাধ্যমে শিক্ষকদের এভাবে বারবার লাঞ্ছিত হওয়ার বিষয়ে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম জানান, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার হওয়া উচিৎ। প্রতিটি ঘটনারই বিচার হওয়া প্রয়োজন। শিক্ষকদের সম্মান না করলে আর কাদের সম্মান করবেন?’

তিনি আরও বলেন, ‘এটা পরিষ্কার যে নৈতিকভাবে আমাদের অবক্ষয় হয়েছে। আমাদের যত কোমল জায়গা সব বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষমতাই প্রধান হয়ে উঠছে। এটা শুধু একজন শিক্ষককে লাঞ্ছিত করা হয়নি, সমাজকে মূল্যবোধকে এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে লাঞ্ছিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন এর বিচার করবেন। আমি আশা করব তিনি এ সিদ্ধান্তে অবিচল থাকবেন।’

/এআরআর/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম