৩৪ বছর আগে রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বাজেট উপস্থাপনের সুযোগ দিয়েছিলেন বলে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ৩৪ বছর আগে প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে দুটি বাজেট উপস্থাপনের সুযোগ দিয়েছেন বলে তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতার শুরুতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ৮৩ বছরের অর্থমন্ত্রী বাজেট বক্তৃতার শুরুতেই স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর তিনি স্মরণ করেন ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে যারা আত্মহুতি দিয়েছেন তাদের। তিনি বলেন, ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি জাতীয় চারনেতাসহ পঁচাত্তরের ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারীদের। স্মরণ করছি স্বৈরাচারবিরোধী ও গণতন্ত্র পতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং সম্প্রতি অগ্নিসন্ত্রাসে যারা শহীদ হয়েছেন, তাদের।গভীর সমবেদনা জানাই মৌলবাদী অপশক্তির গুপ্ত হামলায় নিহত ব্যক্তিবর্গের স্বজনদের প্রতি।
অর্থমন্ত্রী তার বক্তৃতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও। তিনি বলেন, আজকের প্রস্তাবিত বাজেটটিসহ আমি এ দেশের মোট ১০টি বাজেট উপস্থাপন করেছি, যা ব্যক্তিগতভাবে আমরা জন্য অত্যন্ত খুশি ও গৌরবের বিষয়। এর মধ্যে ৮টিই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সময়ে। এ জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।
আরও পড়তে পারেন: পোশাক খাতে করপোরেট কর কমছে ১৫ শতাংশ
/জেএ/এমএনএইচ/








