সুবিধাবঞ্চিত ১৫০ জন শিশুর মধ্যে ঈদের নতুন জামা, সেমাই, চিনি, মেহেদি এবং খেলনা বিতরণ, একই সঙ্গে তাদের নিয়ে ইফতারের আয়োজন করে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা’।
শুক্রবার ধানমন্ডিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রচেষ্টা ফাউন্ডেশন নামের এই সংগঠনটি তেজগাঁও রেল স্টেশন বাউলবাগ, বেগুনবাড়ি এবং হাতিরঝিল এলাকার সুবিধাবঞ্চিত ১৫০ জন শিশুর মধ্যে ঈদের নতুন জামা,খেলনাসহ ঈদ সামগ্রী বিতরণ করে। এই শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতি বছর আয়োজন করা হয় ‘প্রচেষ্টার ঈদ উৎসব'।
এ আয়োজন প্রসঙ্গে প্রচেষ্টা ফাউন্ডেশনের কমিউনিকেশন সেক্রেটারি তাহমিদ আমমেদ বলেন, প্রতি বছরের মত এবারও সুবিধাবঞ্চিত ১৫০ শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করেছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, ক্রিকেটার তাসকিন আহমেদ, অভিনেতা টেলি সামাদসহ অনেকে। এরপর ঈদের জামাসহ অন্যান্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
প্রচেষ্টা ফাউন্ডেশন প্রসঙ্গে তাহমিদ আমমেদ বলেন,সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২০১৩ সালে গঠিত হয় প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ। মাত্র ৫ জন স্বেচ্ছাসেবী নিয়ে শুরু হওয়া এই সংগঠনটির বর্তমান ভলান্টিয়ার সংখ্যা তিনশ’র বেশি। স্বেচ্ছাসেবীদের অনুদান নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহ নানাভাবে সহায়তা করা হয়।
জানা গেছে, মাত্র ১১ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ছোট পরিসরে একটি স্কুল দিয়ে যাত্রা শুরু করে প্রচেষ্টা ফাউন্ডেশন। এই সংগঠনটির বর্তমানে ২টি শাখা রয়েছে। দুই শাখায় পড়াশোনা করছে প্রায় ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশু।
/সিএ/এপিএইচ/








