প্রায় ৪৪ ঘণ্টা পর গুলশান হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পুলিশ সদর দফতর। রবিবার সন্ধ্যায় ৬টার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয় শুক্রবার (১ জুলাই) রাতে রাজাধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সশস্ত্র হামলা চালিয়ে দায়িত্বরত পুলিশসহ দেশি-বিদেশি নাগরিকদের হতাহত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, বর্বরোচিত ও জঘন্য।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণ এবং গণমাধ্যমের অব্যাহত সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করা হয় পুলিশ সদর দফতরের পক্ষ থেকে।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হয়। বন্দুকধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিষ্ঠাবান অকুতোভয় বীর পুলিশ সদস্য শাহাদাৎবরণ করেন। তারা হলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মো. রবিউল করিম এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন খান। এছাড়া, এ ঘটনায় ২০ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।’
পুলিশের ইনসপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পেশাদার দুই পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি আহত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, নিহত দু’জন পুলিশ কর্মকর্তা সরকারি দায়িত্ব পালনে যে নিষ্ঠা, আন্তরিকতা ও চরম আত্মত্যাগ করেছেন তা সত্যিই বিরল। বাংলাদেশ পুলিশ চিরদিন কৃতজ্ঞচিত্তে তাদের স্মরণ করবে। তাদের এ অনন্য অবদান ভবিষ্যতে প্রতিটি পুলিশ সদস্যের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। দু’জন সহকর্মীর নৃশংস হত্যাকাণ্ডের পরও প্রতিটি পুলিশ সদস্যের মনোবল দৃঢ় ও অটুট রয়েছে। তারা দৃঢ় সংকল্প নিয়ে পেশাদারিত্বের সঙ্গে জঙ্গিবাদ দমনসহ যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বদ্ধপরিকর।
মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব প্রয়োজন ও সংকটকালে জননিরাপত্তা বিধানে আত্মত্যাগ করতেও কুণ্ঠাবোধ করেনি। ভবিষ্যতেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান এবং যেকোনও অরাজক পরিস্থিতিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ।
/জেইউ/এমএনএইচ/








