মন্ত্রী ছায়েদুলের পদত্যাগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিশিষ্টজনেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ২০:০৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২০:১০

‘আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী’র মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পরে হিন্দুদের  নিয়ে কটুক্তি করায় মন্ত্রী ছায়েদুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক-সামাজিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। এতে প্রধামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।

মঙ্গলবার শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে ‘আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী’ সংগঠনটি এক মানবন্ধনের আয়োজন করে।

নাসিরনগরের ঘটনায় ক্ষুব্ধ নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘সবাই ওপরে-ওপরে অসাম্প্রদয়িক, আর ভেতরে সাম্প্রদায়িকতা লালন করেন। বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক দেশ না, সেটি ব্রাক্ষণবাড়িয়ার ঘটনাই প্রমাণ করে। মন্ত্রী ছায়েদুল হক সাম্প্রদায়িক ঘটনার উস্কানি দিক বা না দিক, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ববোধ থেকেই তার পদত্যাগ করা উচিত।’ 

তিনি বলেন,‘রাজনৈতিক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকলেও তা সরকারকে খুঁজে বের করতে হবে। নাসিরনগরের ঘটনায় সরকার শুধু মুখে বলে নয়, বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যেন এধরনের ঘটনা পুনরায় না ঘটে। শুধু সরকারের প্রতি ভরসা না করে সামাজিকভাবে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান বলেন,‘একাত্তরের গণহত্যা আর নাসিরনগরের ঘটনা একইসূত্রে গাঁথা। মৌলবাদী শক্তি বাংলাদেশকে ক্রমেই সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করতে চাইছে। বিচ্ছিন্ন ঘটনা বলে এভাবে সব কিছুই এড়িয়ে চলতে থাকলে, একসময় রাষ্ট্রই বিচ্ছিন্ন হয়ে যাবে। আওয়ামী লীগের ভেতরেই বর্তমানে মৌলবাদের জয়জয়কার। আওয়ামী লীগকে এখন জামায়াতিকরণ করা হয়েছে।’

কবি আসাদ চৌধুরী বলেন,‘সরকারের ভাজে-ভাজে, রন্ধ্রে-রন্ধ্রে যে দুর্নীতি লুকিয়ে আছে, তা সরকারকেই খুঁজে বের করতে হবে। যদি তারা সেটি না করতে পারে, তাহলে সমাজ থেকে কোনও ধরনের অন্যায় দূর করা যাবে না। ১৯৭৫ সাল থেকে মানুষ হত্যার বিচার হয় না। মানুষের মূল্যবোধ হারিয়ে গেছে। শুধু ভোটের আগেই মানুষের দাম হয়। ভোট ছাড়া মানুষের কোনও মূল্য নাই। সমাজে শিক্ষা-সংস্কৃতির প্রসার ঘটাতে হবে, তবেই এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।’ ঘটনাটি আকস্মিক ও পরিকল্পিত ছিল বলেও উল্লেখ করেন তিনি। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী বলেন,‘নাসিরনগরের হামলায় গণতন্ত্রমনা, মুক্তমনা শক্তি কষ্ট পায়। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ঘটনার পর পরই মন্ত্রীর সেখানে যাওয়া উচিত ছিল। নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার দায়িত্ব ছিল সেখানে যাওয়া। কিন্তু তিনি তা না করে উল্টো গণমাধ্যমকে দুষছেন। তার মতো একজন দায়িত্বহীন মন্ত্রীর কারণে পুরোমন্ত্রিসভা কলঙ্কিত হয়।’

কবি অসীম সাহা বলেন,‘মন্ত্রী ছায়েদুল হক এক অজ্ঞাত কুলশীল মন্ত্রী। তাকে বাঁচাতে কেউ কেউ চেষ্টা করে যাচ্ছেন। ছায়েদুল হক যে একজন মন্ত্রী, কে চিনতো তাকে? ধর্মীয় উস্কানি দেওয়ার পরে তিনি একইভাবে মিডিয়াকেও দুষে যাচ্ছেন। এমনকি ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এবিষয়ে যে বক্তব্য দিয়ে ছিলেন, সেই বক্তব্যেকে তিনি অস্বীকার করলেন।’

সাংবাদিক ফারহানা মিলি বলেন, ‘আশির দশকের সাংস্কৃতিক জেলা ব্রাহ্মণবাড়িয়া এখন বদলে গেছে। কখনও ভাবিনি এই পরিবেশ বদলে যাবে, নষ্ট হয়ে যাবে। রাজনীতির অভ্যন্তরীণ কোন্দলের শিকার হলেন সাধারণ মানুষ। মৌলবাদ দূষিত করছে রাজনীতি।’

আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী’র সংগঠক ও সমকালের বিশেষ প্রতিনিধি রাজিব নূর বলেন, ‘নাসিরনগরের ঘটনায় জেলা প্রশাসক, এসপি থেকে শুরু করে পাবলিক সার্ভিস, সিভিল প্রশাসন সবার গাফিলতি সীমাহীন। আর মন্ত্রী ছায়েদুল হকের আচরণ কাণ্ডজ্ঞানহীন। তিনি পদত্যাগ করবেন না, পদত্যাগের সংস্কৃতিতো বাংলাদেশে নেই। প্রধানমন্ত্রীরই উচিত তাকে পদত্যাগ করতে বলা। ’

এসময় মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়ার নানা পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

/আরএআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম