সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও যাবতীয় সন্ত্রাসবাদকে রুখতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে হেযবুত তাওহীদ। আর এই কাজে অগ্রণী ভূমিকা পালন করতে প্রগতিশীল ধ্যান-ধারণায় বিশ্বাসী মানুষদেরকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন হেযবুত তাওহীদের এমাম হোসেইন মোহাম্মদ সেলিম।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটর গোলটেবিল মিলনায়তনে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতায় ভারাক্রান্ত বিশ্ব: পরিত্রাণের পথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করে হেযবুত তাওহীদ।
মোহাম্মদ সেলিম বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্ব আজ সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতায় ভারাক্রান্ত। এ থেকে পরিত্রাণের পথ খুঁজে বের করতে হবে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা আসলে ইসলাম থেকে সৃষ্টি হয়নি। ইসলামের বিভিন্ন বিষয়ের বিকৃত ব্যাখা দিয়ে এগুলো সৃষ্টি করা হয়েছে।’
সম্প্রতি নাসিরনগরে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক হামলা হয়েছে এবং বিগত সময়ে যে ভয়াবহ হামলা জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটানো হয়েছে তা মূলত একটি ভয়াবহ ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র কেবল দেশের বিরুদ্ধেই নয় এটি ইসলামের বিরুদ্ধেও।’
বৈঠকে অন্য বক্তারা বলেন, এই উপমহাদেশে শত শত বছর হিন্দু-মুলমান একত্রে বসাবাস করে আসছে। তাদের মধ্যে কোনও সাম্প্রদায়িক বিদ্বেষ, সহিংসতার ঘটনা ঘটেনি।
ব্রিটিশদের শাসনামল থেকেই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা, স্বার্থ উদ্ধার করলো ব্রিটিশরা। সেখান থেকেই শুরু হলো এই অঞ্চলের দাঙ্গা হাঙ্গামা। বক্তারা স্বার্থ উদ্ধারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
/আরএআর/এসটি/








