ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবি জানিয়েছে কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাসেম। মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
আবুল হাসেম বলেন, 'ফুলবাড়ীয়া কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ৪৪ বছরের পুরনো কলেজটিতে প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। পরীক্ষার ফলাফলও ভালো। তারপরও কলেজ সরকারিকরণ করা হয়নি।
তার অভিযোগ, কলেজটি সরকারিকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে গত বছর ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি পরিদর্শক দল কলেজটি পরিদর্শন করে প্রতিবেদন দেন। কলেজ সরকারিকরণের যখন সবকিছু চূড়ান্ত ঠিক তখনি স্থানীয় জাতীয় সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন ও তার ছেলে ইমদাদুল হক সেলিম এবং বিতর্কিত অধ্যক্ষ নাসির উদ্দিন খাসের কারসাজির কারণেই তালিকা থেকে বাদ পড়ে কলেজটি।
মানববন্ধনে ফুলবাড়ীয়া কলেজের সাধারণ শিক্ষার্থীরাসহ প্রায় ৭ শতাধিক সাধারণ মানুষ অংশ নেয়।
/আরএআর/এসটি/








