জাতীয় নীতিমালা ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় সম্মিলিত হকার্স জোট। এক মানবন্ধনে গণপরিবহনে হকার্সদের হায়রানি বন্ধ, ফুটপাত থেকে হকার্স উচ্ছেদ না করে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সম্মিলিত হকার্স জোট এক মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘হকারদের কাছে পুলিশ চাঁদাবাজি করে, একইসঙ্গে তাদেরকে পেটায়। চাঁদাবাজি এবং পেটানো একসঙ্গে চলতে পারে না ।’
তিনি বলেন, ‘হকাররা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রোজগার করেন। তাদের বেকার করে দিলে সমাজের বিশাল একটা অংশের মানুষ অচল হয়ে পড়বে।’ তাই অন্য কাজের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত তাদেরকে এ কাজের সুযোগ দিতে হবে বলে দাবি জানান তিনি।
এ সময় ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকনের উদ্দেশে তিনি বলেন, ‘তোমার বাবার পাশে এই হকাররা সব সময় ছিলেন। এরা তোমার বাবাকে সব সময় বিভিন্নভাবে সহযোগিতা করে গেছেন। তাই তোমার উচিৎ হবে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা।’ এ সময় তিনি হকারদের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জমান রতন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নঈমুল হাসান জুয়েল, হকার্স নেতা আজিজ বাচ্চু, হারুনর রশীদ হারুন প্রমুখ।
/আরএআর/ এপিএইচ/
আরও পড়ুন: কেন্দ্রের দিকে তাকিয়ে না.গঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীরা








