নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অতীতের নির্বাচনগুলোর মতো ভোট কারচুপি করা হলে সারা দেশে আগুন জ্বলে ওঠবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)নির্বাচন সুষ্ঠু হলে যে কোনও ফলাফল বিএনপি মেনে নেবে।আর যদি অতীতের নির্বাচনগুলোর মতো ভোট কারচুপি করা হয়, তাহলে সারা দেশে আগুন জ্বলে ওঠবে। সেই আগুনে আপনাদের গদি পুড়ে ছারখার হয়ে যাবে।’
মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনের আয়োজন করে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নাসিকে থমথমে অবস্থা বিরাজ করছে, এমন মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন,‘নাসিকে সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে। প্রতিদিনই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় বিএনপি আতঙ্কিত উদ্বিগ্ন এবং হতাশ ।’
তিনি বলেন,‘ক্ষমতাসীন সরকার এবং রকিব উদ্দিনের নেতৃত্বে নাসিকে নির্বাচন হতে যাচ্ছে,কিন্তু তাদের অধীনে অতীতে কোনও সুষ্ঠু নির্বাচনের রেকর্ড নেই।’
এ সময় নির্বাচন কমিশনের উদ্দেশে ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন,‘অনেক খারাপ কাজ করেছেন। বিদায়ের আগে অন্তত একটি ভালো কাজ করুন। নাসিকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।’
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নাসিকে ভোটের আগের দিন থেকে সেনা মোতায়নের দাবি জানান দুদু।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,সুকোমল বড়ুয়া,লেবার পার্টির সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ইরান,সংগঠনের সহ-সভাপতি নাজমুল হোসেন রনি প্রমুখ।
আরএআর / এপিএইচ/
আরও পড়ুন:
প্রচারণার শেষ দিন: অভিযোগ নেই আইভীর, ‘শঙ্কিত’ সাখাওয়াত








