ভারতের বিজ্ঞান কংগ্রেসে আবারও আমন্ত্রিত ড.ইউনূস

রঞ্জন বসু, দিল্লি প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ১৮:৪০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৪

নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূস

ভারত সরকার আবারও তাদের বার্ষিক জাতীয় বিজ্ঞান কংগ্রেসে নোবেলজয়ী  ড. ইউনূসকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। মাত্র দুই বছরের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার ইউনূসকে আমন্ত্রণ জানালো ভারত সরকার।

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে ভারতের মুম্বাইতে যে জাতীয় বিজ্ঞান কংগ্রেস হয়েছিল, সেখানেই প্রথমবার ড. ইউনূসকে স্বর্ণপদকে সম্মানিত করেছিল ভারত সরকার। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূসের হাতে সেই পদক তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে।বিজ্ঞান কংগ্রেসে বারো হাজারেরও বেশি প্রতিনিধির সামনে সেই পদক তুলে দেওয়ার সময় বলা হয়েছিল, ‘সমাজের দরিদ্রতম মানুষকেও একটা আশা, সম্ভাবনা আর মর্যাদায় ভরা জীবন’ দেওয়ার জন্যই তাঁকে এই স্বীকৃতি।

মুম্বাইতে সেটা ছিল ভারতের ১০২তম জাতীয় বিজ্ঞান কংগ্রেস , আর নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম। তার ঠিক দুবছর পর, ২০১৭-র জানুয়ারিতে ভারতে ১০৪তম বিজ্ঞান কংগ্রেসের আসর বসছে অন্ধ্রপ্রদেশের মন্দির-শহর তিরুপতিতে। সেখানেও দেশ-বিদেশের বেশ কয়েকজন নোবেলজয়ীর সঙ্গে আমন্ত্রিত হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস । আর এর পেছনে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত আগ্রহই কাজ করেছে বলে বাংলা ট্রিবিউন আভাস পেয়েছে।

ভারতে প্রধানমন্ত্রীর সচিবালয়ের একজন পদস্থ কর্মকর্তা এই প্রতিবেদককে বলেছেন, ব্যক্তিগত পর্যায়ে নরেন্দ্র মোদি ড. ইউনূসের একজন ‘অসম্ভব গুণমুগ্ধ অনুরাগী’। সমাজের হতদরিদ্র অংশের আর্থিক উন্নয়নে তিনি যে ধরনের কাজকর্ম করেছেন বা তার ক্ষুদ্রঋণ প্রকল্প যেভাবে বহু গরিব মানুষের জীবনে আমূল পরিবর্তন এনেছে, তা নিয়ে নরেন্দ্র মোদি অনেক আগে থেকেই নিজে পড়াশুনো করেছেন। ফলে বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানে ভারত কেন তাকে বারবার আমন্ত্রণ জানাচ্ছে, সেটা বোঝা মোটেই কঠিন নয়।

কিন্তু তিরুপতিতে ভারতের বিজ্ঞান কংগ্রেসে যোগ দেওয়ার এই আমন্ত্রণ কি ড. ইউনূস গ্রহণ করেছেন?

এ ব্যাপারে উদ্যোক্তারা সরাসরি এখনই কিছু বলতে চাইছেন না। তবে এবারে বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করছে ভারতের যে রাজ্যটি, সেই অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কিরণ কুমার পোঠুলা বাংলা ট্রিবিউনকে বলেছেন, “এটুকু আপনাকে অবশ্যই বলতে পারি আমেরিকা, জাপান, ফ্রান্স, ইসরায়েল ও বাংলাদেশ থেকে মোট ৯ জন নোবেল পুরস্কারজয়ী এই মর্যাদাব্যঞ্জক ইভেন্টে যোগ দেবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।”

বাংলাদেশের একমাত্র নোবেলজয়ীর নাম সবারই জানা, ফলে ওপরের প্রশ্নের উত্তরটাও অনুমান করা তাই মোটেও কঠিন নয়।

নতুন বছরের প্রথম সপ্তাহে, ৩রা জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিরুপতিতে দেশের ১০৪তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। সেখানে থাকবেন দুশোরও বেশি বিদেশি বিজ্ঞানী এবং ভারতের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান চর্চা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়ের বারো হাজারেরও বেশি প্রতিনিধি।

আর জ্ঞানীগুণীদের সেই আসরেই সম্ভবত দেখা হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ড. মুহাম্মদ ইউনূসের। ঠিক দুবছরের মাথায়, আবার!

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম