শুক্রবার খুলছে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেট

রাফসান জানি
০৫ জানুয়ারি ২০১৭, ২৩:৫০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ২৩:৫৩

আগুন লাগার পর ডিএনসিসি মার্কেট ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান-১ ডিএনসিসি মার্কেট আংশিক খুলছে শুক্রবার। পাকা মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানগুলো সংস্কারের পাশাপাশি, যেসব দোকান কিছুটা ভালো রয়েছে, সেগুলো খুলবেন ব্যবসায়ীরা। তবে কাঁচা বাজার মার্কেট পুরোপুরি ধসে যাওয়ায় কবে থেকে খুলবে তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।
ডিএনসিসি পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান তালাল রিজভী বলেন, ‘বুধবার রাত থেকেই পাকা মার্কেটে ধোয়ামোছার কাজ চলছে। আজকেরও যে যার মতো করে পরিষ্কার করেছে। আগুনে কম ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ব্যবসায়ী তাদের মালামাল আনতে শুরু করেছেন। বেশি ক্ষতিগ্রস্ত দোকানগুলো সংস্কারের কাজ চলছে।’ তিনি বলেন, ‘যেসব দোকান চালু করার উপযোগী সেগুলো আগামীকাল সকাল ১১টা থেকে চালু করা হবে। আশা করি, কিছুদিনের মধ্যেই স্বরূপে ফিরতে পারবে ডিএনসিসি মার্কেট।’
দোকানগুলো পরিষ্কার করে যতদ্রুত সম্ভব চালু করার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। রূপক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও দোকান মালিক সমিতির উপদেষ্টা মাহবুব আলম বলেন, ‘সব দোকান এখনই চালু করা যাবে না। কাজ চলছে। অনেকে দোকানে মালপত্র তুলছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিছু দোকান নিয়ে হলেও মার্কেট চালু করব। সরকার বিদ্যুৎ সংযোগ না দিলে আমরা জেনারেটর দিয়ে কাজ চালিয়ে নেব।’
মার্কেট সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, মার্কেটের পজিশন হারানোর আতঙ্কেই মূলত তাড়াহুড়ো করে এই মার্কেট চালু করা হচ্ছে। যে কারণে মার্কেট চালুর উপযোগী না হলেও দোকান খুলে ব্যবসা চালু করতে চান ব্যবসায়ীরা।
এদিকে যাওয়া কাঁচাবাজার অংশের পার্কিং স্পেসে বাজার বসানোর কথা শোনা গেলেও তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। পাকা মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, পার্কিং স্পেস দখল করে কাঁচাবাজার বসলে কাস্টমাররা গাড়ি পার্ক করবেন কোথায়? এতে আরও সমস্যা বাড়বে। উল্টো ক্রেতারা আগ্রহ হারাবেন।
কাঁচা মার্কেটের সভাপতি শের মোহাম্মদ বলেন, ‘আমরা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে আছি। মেয়রের সঙ্গে আজও মিটিং হয়েছে। সরকার ও মেয়রের দিকেই তাকিয়ে আছি।’
মার্কেটের ধসে যাওয়া অংশটি ভাঙার কাজ চললেও শিগগিরই এই কাজ শেষ হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘ভাঙা অংশ অপসারণ মোটেও সহজ কাজ নয়। রানা প্লাজাসহ এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন অপসারণে এক মাসেরও বেশি সময় লেগেছে। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে অপসারণ পুরোদমে শুরু হবে। তবে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, ‘ডিএনসিসি আপনাদের পাশে রয়েছে। আমাদের ওপর আস্থা রাখুন। ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন জেগে উঠবে।’
সংবাদ সম্মেলন শেষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন মেয়র। আলোচনা শেষ করে বিকেল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্ত মার্কেটের সর্বশেষ পরিস্থিতির খোঁজ নিতে আসেন। তখনও তিনি তার ওপর আস্থা রাখা আহ্বান জানান ব্যবসায়ীদের।
প্রসঙ্গত, গত সোমবার (২ জানুয়ারি) রাত ২টার দিকে ডিএনসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। তবে আগুন তখনও পুরোপুরি নেভেনি। পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে বুধবার সকাল থেকে কাঁচা বাজারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।
ডিএনসিসি কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াই শ দোকান পুরোপুরি পুড়ে গেছে। বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
/এমএনএইচ/ আপ-টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম