বকাঝকা করায় অভিমান করে প্রথমে দুই সন্তানকে হত্যা করে আমার স্ত্রী নিজেও আত্মহত্যা করে থাকতে পারে পুলিশকে জানিয়েছেন আত্মহত্যাকারী আনিকার স্বামী মো. শামীম। এ ঘটনায় আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে এ তথ্য জানিয়েছেন।
দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘শামীমকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে ঘটনার বর্ণনা শুনেছি। তিনি আমাদের জানিয়েছেন, মঙ্গলবার সকালে আগের দিনের ভাত গরম করে ও ডিমভাজি দিয়ে তাকে খেতে দেয় আনিকা। এ সময় স্ত্রীর সঙ্গে শামীমের ঝগড়া হয়। স্ত্রীকে প্রথম বাজে কথা বলে। এরপর স্ত্রীর মাকে উদ্দেশ্য করে বকা দিয়ে এক গ্লাস পানি খেয়ে বাসা থেকে বের হয়ে যায়। এ সময় তার স্ত্রী দরজার সামনেই দাড়ানো ছিল। এরপর শামীম স্যালুনে কিছুক্ষণ কাজ করার পর সোহরাওয়র্দীতে আওয়ামী লীগের সমাবেশে চলে আসে।’
তিনি আরও বলেন, ‘আমরা তার বক্তব্য যাচাই বাছাই করছি। সে থানায় আছে। চিরকূটের বিষয়ও শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর দারুসসালাম থানার ছোট দিয়াবাড়ির ২৯/১ নম্বর একটি টিনসেড বাসার পৃথক একটি কক্ষ থেকে মা আনিকা আক্তার (২৫) ও তার দুই সন্তান শামীমা (৫) ও আব্দুল্লাহর (২) লাশ উদ্ধার করে পুলিশ। শিশুদের লাশ গলাকাটা অবস্থায় বিছানায় শোয়ানো ছিলে। আর আনিকাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।
ভেতর থেকে কক্ষের দরজা লাগানো ছিল জানিয়ে পুলিশের দারুসসালাম জোনের সহকারি কমিশনার সৈয়দ মামুন মুস্তফা বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে মা দুই সন্তানকে হত্যার পর নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
/এআরআর/এসএনএইচ/
আরও পড়ুন:
‘সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য আর পুলিশের অনুমতির অপেক্ষা করা হবে না’
পড়ে আছে অলস টাকা, ঋণ নেওয়ার লোক নেই
নাসিরনগরে হামলা: ৪টি গাড়ি চেয়ে ফোন করেছিলেন চেয়ারম্যান আঁখি!








