গ্রাম আদালত আইনের কিছু কিছু ধারা সংশোধনের দাবি তুলেছে দেশের সব ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ বাংলাদেশ। আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে সংগঠনটি। এসময় ইউনিয়ন পরিষদকে স্বশাসিত ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবিও জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি স্বপন কুমার দাশ বলেন, ‘দেশের স্থানীয় সরকার আইনগুলো সংবিধান অনুযায়ী প্রণীত হয়নি। প্রতিটি প্রশাসনিক স্তরের কর্মকাণ্ড স্থানীয় সরকারের নেতৃত্বেও পরিচালিত হচ্ছে না।’
স্বপন কুমার দাশ বলেন, ‘সম্মানী ভাতার ক্ষেত্রে অনেক বৈষম্য রয়েছে। উপজেলা চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়রসহ অন্যান্যদের বেতন কাঠামো ও ইউপি সদস্যদের বেতন কাঠামোতে অনেক বৈষম্য রয়েছে। এছাড়া, কোনও অপরাধের জন্য স্থানীয় সরকারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হয়, যা সংসদ সদস্যদের বেলায় করা হয় না।’ এমনভাবে চলতে থাকলে স্থানীয় সরকার ব্যবস্থা কোনোদিন শক্তিশালী হবে না বলে মন্তব্য করেন তিনি।
স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ বাংলাদেশের সভাপতি আরও বলেন, ‘আওয়ামী সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্থানীয় সরকার কাঠামো গড়ে তোলার কোনও উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।’ এসময় গ্রাম সালিশের মাধ্যমে করা জরিমানার পরিমাণ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ সিদ্দিকী, কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ সরকার, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম জাহাঙ্গীর প্রমুখ।
/আরএআর/টিআর/আপ-এমডিপি/








