ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে বৃক্ষমানবী শাহানার (১০) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রায় দেড় ঘণ্টা ধরে তার অস্ত্রোপচার চলে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালামের নেতৃত্বে ছয় সদস্যের একটি চিকিৎসক দল অস্ত্রোপচারটি করেন।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথম অপারেশনেই শাহানার শরীর থেকে শেকড়গুলো অপসারণ করা হয়েছে। তাকে এখন এইচডিইউতে রাখা হয়েছে।’
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামের দিনমজুর শাহজাহান মিয়ার একমাত্র কন্যা শাহানা। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। দুই বছর বয়সেই তার মা মারা যান। এরপর দাদির কাছেই বেড়ে উঠেছে সে।
শাহানার বাবা শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই বছর বয়সে মেয়েটির গালে, নাকে থুতনিতে শেকড়ের মতো কী জানি উঠতে থাকে। যত দিন যাচ্ছিল, ততই এগুলো বড় হচ্ছিল। আর এগুলো চুলকাতো। স্থানীয় হোমিও চিকিৎসকের কাছ থেকে ওষুধ খাওয়ালেও কোনও উপকার পাইনি। পরে গত ২৯ জানুয়ারি দুপুরে শাহানাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
একমাত্র মেয়ের সফল অপারেশনের জন্য শাজাহান চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন-
বাজানদারের মতো রোগে আক্রান্ত কিশোরী শাহানা
/জেইউ/টিআর/








