বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক। আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার। তিনি বাংলাদেশের গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের প্রশংসা করে এ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রের অর্জনেও সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ডেনমার্ককে বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে অভিহিত করে আগামীতে বাংলাদেশের জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে ভূমিকা রাখার জন্য ডেনমার্কের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রীর এ আহ্বানের প্রেক্ষিতে রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে চায় ডেনমার্ক।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। তারই নেতৃত্বে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’
আরও পড়ুন-
ঝুঁকিতে থাকা ঢামেক হাসপাতালে এবার পলেস্তারা খসার আতঙ্ক!
তামাক পণ্যে সচিত্র স্বাস্থ্য সতর্ক বাণী বাস্তবায়নের হার অর্ধেকেরও কম!
/জেএ/টিআর/








