রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রহৃত করার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাঙচুর করেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল রাখা নিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে তর্ক ও কথাকাটাকাটি হয় এক শিক্ষার্থীর। এক পর্যায়ে ওই শিক্ষার্থী প্রহৃত হন। পরে পুলিশ এসে শিক্ষার্থীকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পারে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধন করার ঘোষণা দেন। কিন্তু সকালে শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেওয়া হয়নি। ফলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার মানস কুমার পোদ্দার সকালে জানান, ‘এক শিক্ষার্থীর সঙ্গে নিরাপত্তাকর্মীদের একটু ঝামেলা হয়েছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
সরজমিনে দেখা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান কার্যালয়ের ‘বসুন্ধরা হাউজিং’ ভবনে হামলা করে কাঁচের দরজা, জানালা ও দুটো জেনারেটর ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এছাড়া ওই এলকার সব চেকপোস্টে আগুন ধরানোর চেষ্টা করেন। তবে পুলিশের বাঁধার কারণে তা করতে পারেননি শিক্ষার্থীরা।
এদিকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টপ ইট অ্যান্ড শেয়ার কাবাবের দোকানে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। দোকান মালিকদের কয়েকজন জানান, হামলার আগে শিক্ষার্থীরা দোকান বন্ধ না করলে হামলার হুমকি দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ২টার পর ওই এলাকায় র্যাব সদস্যরা অবস্থান নেয়।
/এনএল/এসএনএইচ/








