রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পুলিশের একটি প্রিজন ভ্যান উল্টে গেছে। নামার সময় ব্রেক ফেল করে ভ্যানটি উল্টে যায়। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সকালে ২৪ জন কয়েদি নিয়ে গাজীপুরের কাশিমপুরে যাচ্ছিল ভ্যানটি।
পুলিশ জানায়, এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে চালক ও কয়েকজন আসামি সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আসামিদের সেখান থেকে উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যাওয়া হয়। তাদের সেখান থেকে গাজীপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েদিদের কেউ পালাতে পারেনি। গাড়ি উদ্ধারের কাজ চলছে।
/আরজে/এমও/এফএস/








