চটপটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দুই জমজ বোনসহ তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক চটপটি বিক্রেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কালশীর কুর্মিটোলা ক্যাম্পের শাহ পরাণ বসতির ভেতরে এ ঘটনা ঘটে। একইদিনে মিরপুর-২ এলাকার একটি নির্মাণাধীন ভবনে দুই বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।নিপীড়নের শিকার শিশুদের চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসা হয়েছে।
জমজ দুই বোনের বাবা ঢামেকে সাংবাদিকদের জানান, তার সাড়ে তিন বছরের দুই জমজ মেয়ে ও তার বোনের চার বছরের শিশু মেয়ে বাসার পাশে একটি মুদির দোকানে যায়।ওই দোকানে চটপটিও বিক্রি হয়। স্থানীয় যুবক ইকবাল তিন শিশুকে চটপটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পেছনের বাসায় নিয়ে যায় এবং এই তিন শিশুর ওপর যৌন নিপীড়ন চালায়।এক পর্যায়ে কান্নাকাটি করে তারা বাইরে বেরিয়ে এসে পরিবারকে জানায়।
ইকবাল স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভোক্তভোগীরা পল্লবী থানায় অভিযোগ করে। থানায় সারারাত ও শুক্রবার সারাদিন রাখার পর সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের নিয়ে আসা হয়। এদিকে যৌন নিপীড়নের অভিযোগে জমজ দুই বোনের মা পল্লবী থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আব্দুল হালিম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।’
এদিকে মিরপুর ২ এলাকায় যৌন নির্যাতনের শিকার অপর শিশুর মা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মেয়েকে নিয়ে নির্মাণাধীন একটি ভবনে কাজে গিয়েছিলেন তিনি। কাজ করার সময় হঠাৎ কান্নার শব্দ শুনে পাশের কক্ষে গিয়ে দেখেন, কে বা কারা তার শিশু মেয়ের ওপরে যৌন নিপীড়ন চালিয়েছে। কে এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেননি তিনি।পরে প্রতিবেশীদের পরামর্শে মেয়েকে ঢামেকে নিয়ে আসেন। থানা পুলিশকে এখনও কোনও অভিযোগ জানাননি শিশুটির মা।
আরজে/এআইবি/ এপিএইচ/
আরও পড়ুন: দিনাজপুর পুলিশের নজরদারিতে ছিল আবুল কাশেম








