রাজধানীর ধানমণ্ডি থেকে জব্দ করা ৪৫ কোটি টাকার বিষাক্ত সাপের বিষ চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে আনা হয়। এর সঙ্গে আন্তর্জাতিক চোরাচালান চক্রজড়িত বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
আব্দুল বাতেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে ৪৫ কোটি টাকার সাপের বিষসহ সোলায়মান আজাদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ‘কাঁচের কৌটায় বিশেষ ব্যবস্থায় ভারত হয়ে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে এই বিষ আনা হয়।’
তিনি আরও বলেন, ‘আটক হওয়া ব্যক্তি জানিয়েছেন কৌটাগুলোতে বিষাক্ত সাপের বিষ আছে। কৌটার গায়েও সেটা লেখা আছে। তবে আমরা পরীক্ষা করে দেখবো এগুলো আসলে সাপের বিষ কিনা। প্রতিটি কৌটার গায়ে ডলার মূল্যে দাম লেখা আছে।’
আব্দুল বাতেন বলেন, ‘আটক ব্যক্তি এ বিষ বিক্রির জন্য দালাল খুঁজছিলেন। এক সময় তিনি পোশাক ব্যবসায়ী ছিলেন। ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে এই চোরাচালানের পথে নেমেছে।’
তিনি আরও বলেন, ‘সোলায়মান ছাড়া তার ওপরে আরও একজন রয়েছেন। তার নাম ঠিকানা আমরা পেয়েছি। তাকে খোঁজা হচ্ছে।’
গোয়েন্দা পুলিশের এ যুগ্ম কমিশনার বলেন, ‘বৈধভাবে বাংলাদেশে সাপের বিষ আনা হয়। ওষুধ কোম্পানিসহ বিভিন্ন পতিষ্ঠান এর ক্রেতা। তবে তারা চোরাচালনের মাধ্যমে এসব বিষ বাংলাদেশে এনেছে।’
তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের হয়েছে।’
/এআরআর/এসএনএইচ/








