গত ৪ মার্চ ‘ওরা সরকারি ছাত্রসংগঠনের নেতা!’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতিবাদলিপি পাঠিয়েছে ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই প্রতিবাদলিপিতে প্রতিবেদনটির সুনির্দিষ্ট কোনও অংশকে মিথ্যা বা ভিত্তিহীন বলে দাবি করেননি তারা।
প্রতিবেদকের বক্তব্য:
ওই প্রতিবেদনের সুনির্দিষ্ট কোনও অংশ নিয়ে প্রতিবাদ করা হয়নি। প্রতিবেদনটি যথাযথ কর্তৃপক্ষের বক্তব্য নিয়েই তৈরি করা হয়েছে। হাসপাতাল পরিচালকের সুস্পষ্ট বক্তব্য সেখানে রয়েছে। তিনি স্বীকারও করেছেন যে হাসপাতালে সমস্যা রয়েছে। তবে তিনি সেগুলো নিয়ে কথা বলবেন না জানিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তার এ বক্তব্য প্রতিবেদনটিতে রয়েছে।
অন্যদিকে, যে চিকিৎসক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই চিকিৎসক নেতার সঙ্গে কথা বলে, তার বক্তব্য নিয়েই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তিনিও স্বীকার করেছেন— সমস্যা রয়েছে, তারা তা সমাধানের চেষ্টা করছেন। হাসপাতাল ক্যাম্পাসে মিছিল হওয়ার বিষয়টিও মেনে নিয়েছেন তিনি। ওই নেতা আরও বলেছেন, ‘সমস্যা থাকবেই। তা সমাধানে আমরা কাজ করছি। কিছু সমস্যা পরিবারেও হয়। সব ছাত্ররা তো একরকম না। কয়েকজন খারাপ আচরণ করে থাকতে পারে। ভবিষ্যতে আমরা সেগুলো মাথায় রাখার চেষ্টা করব।’
/জেএ/টিআর/








