রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকার একটি স্টুডিওতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় দুই ব্যবসায়ী সন্ত্রাসীদের মারধরে গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই শাহজাহান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তিন-চার ব্যক্তি একজনকে রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে এসেছিল। চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠিয়েছি। চিকিৎসা শেষে ব্যবস্থা নেবো বলে তাদের জানিয়েছি।’
আহত দুজনের নাম সোহেল রানা ও বিল্লাল।
সোহেল রানা হোলিক্রস কলেজ রোডে ৭৬ নম্বর ফার্মগেটে একটি স্টুডিওর মালিক। তিনি জানান, ষ্টুডিও বন্ধ করার সময় দুই সন্ত্রাসী তার ক্যাশের ড্রয়ার ধরে টান দেয়। বাধা দিলে তারা সোহেলকে মারধর করে। এসময় পাশের ইলেক্ট্রিক দোকানি বিল্লাল সোহেলকে বাঁচাতে আসলে, সন্ত্রাসীরা তাকেও মারধর করে চলে যায়। এই এলাকায় ব্যবসা না করার জন্য সন্ত্রাসীরা হুমকি দিয়ে গেছে।
হামলাকারীরা স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। তারা এর আগেও চাঁদার দাবিতে দুবার হামলা করেছিল বলে আহতরা অভিযোগ করেন।
/এআরআর/ এপিএইচ/








