কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্রাক ব্যাংকের এক কর্মকর্তাসহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ মার্চ) তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক এ অনুমোদন দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন ব্রাকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা সুকুমার রায় ও মেসার্স নাফিসা ট্রেডার্সের মালিক নূর আলম হক প্রামানিক।
প্রণব কুমার ভট্টাচার্য জানান, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে ৩টি ডিডি ও ১টি পে-অর্ডারের এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা ইউনিলিভার বাংলাদেশ লিমিডেটের হিসাবে জমা না করে অন্য ২টি হিসাবে স্থানান্তর করে। পরবর্তীতে চেক ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এক কোটি ১০ লাখ ৪৩ হাজার ৬৫৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।
তিনি আরও জানান, দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ২০১৬ সালের ২৪ জুলাই এই দু’জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে এবার চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে।
আরজে/এমএ/








